বর্ণবাদ, নেইমারদের সঙ্গে না খেলেই মাঠ ছেড়েছে বাসাকশেহির

পিএসজি-বাসাকশেহিরের ম্যাচটির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। চ্যাম্পিয়নস লিগে ‘এইচ’ গ্রুপে গতকাল বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, লিপজিগ ও পিএসজি। এদের মধ্যে মুখোমুখি হয়েছিল ম্যানইউ-লিপজিগ। সেই ম্যাচের ফল অবশ্য সবারই জানা, ম্যানইউকে বিদায় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিপজিগ। তাদের জয়টা ছিল ৩-২ ব্যবধানে। ম্যানইউর হারে শেষ ষেলো নিশ্চিত হয়ে গেছে পিএসজিরও। তবে বাসাকশেহিরের বিপক্ষে বহুল আলোচিত এই ম্যাচটিই পুরোপুরি মাঠে গড়ানো যায়নি এদিন! বর্ণবাদী ঘটনায় উত্তপ্ত হয়ে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে মঙ্গলবার। যেটি আবার মাঠে গড়াবে বুধবার!  

মঙ্গলবার ম্যাচটি মাঠে গড়িয়েছিল ঠিকই। ম্যাচের তখন ১৪ মিনিট চলছিল। গোল হয়নি কোনও। টাচলাইনে দাঁড়িয়ে থাকা বাসাকশেহিরের সহকারী কোচ পিয়েরে ওয়েবো তর্কে জড়িয়েছিলেন চতুর্থ রেফারি সেবাস্তিয়ান কোলেতেস্কেুর সঙ্গে। এই ঘটনার পরই রেফারি ওয়েবোকে লাল কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ইস্তাম্বুলের ক্লাবটি অভিযোগ তুলেছে, এই সময় তাদের সহকারী কোচকে বর্ণবাদী গালি দিয়েছেন কোলেতেস্কেু। এই ঘটনার প্রতিবাদেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাসাকশেহিরের খেলোয়াড়রা তাৎক্ষণিক মাঠ ছেড়ে যান। তাদের সঙ্গী হন পিএসজির খেলোয়াড়রাও।অবশ্য উয়েফা জানিয়েছে, বুধবার ১৪ মিনিট থেকেই ম্যাচটি মাঠে গড়াবে আবার। আর বিতর্ক এড়াতে ম্যাচে পরিবর্তন করা হয়েছে অফিসিয়ালও। অবশ্য এই ম্যাচের ফলাফল এখন যাই হোক, নকআউট নিশ্চিত হয়ে গেছে পিএসজির।

মূলত ম্যানচেস্টার ইউনাইটেড হেরে যাওয়াতেই সব হিসেব এখন পরিষ্কার। তবে ৭৯ মিনিট পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে থাকা লিপজিগকে শেষ দিকে নাড়িয়ে দিয়েছিল ম্যানইউ। ৮০ মিনিটে পেনাল্টিতে ব্রুনো ফার্নান্দেস একটি গোল শোধ দিলে দ্বিতীয়টি নাম লেখায় আত্মঘাতী গোল হিসেবে। কর্নার থেকে পাওয়া বল থেকে হেড করেছিলেন পল পগবা। আর সেই হেডই লিপজিগের এক খেলোয়াড়ের গায়ে লেগে জড়ায় জালে। এর পর আর ম্যাচের ব্যবধানে পরিবর্তন আনতে পারেনি ম্যানইউ।