বাংলাদেশের পর ইংল্যান্ডের সঙ্গে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়াম।ভারতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে অবশেষে। আগামী বছর ইংল্যান্ডের ভারত সফর দিয়েই সেটি মাঠে গড়াবে। সফরে চার টেস্টের সঙ্গে ৫টি টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে খেলবে দুটি দল।

পূর্ব সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল এই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। করোনার কারণেই সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন সিরিজটি হবে আগামী বছরের ফেব্রুয়ারি। টেস্ট সিরিজ থেকে একটি টেস্ট হবে দিবা-রাত্রির। গত বছর বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক প্রথম টেস্টের পর ভারতের মাটিতে এটাই হতে যাচ্ছে গোলাপি বলের দ্বিতীয় টেস্ট।

চেন্নাইয়ে সূচি অনুযায়ী প্রথম টেস্ট হবে ৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্টেও চেন্নাইয়ে। শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। তার পর শেষ দুই টেস্ট অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নতুন করে তৈরি হওয়া মোতেরা স্টেডিয়ামে। এর মধ্যে তৃতীয় টেস্টটি-ই দিবা-রাত্রির। টেস্ট শুরু হবে ২৪ ফেব্রুয়ারি। একই ভেন্যুতে ৪ মার্চ মাঠে গড়াবে চতুর্থ টেস্ট।এই ভেন্যুতেই হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি। সিরিজটি শুরু হবে ১২ মার্চ। বাকি ম্যাচগুলো হবে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। যার প্রথম ম্যাচটি হবে ২৩ মার্চ। বাকি দুটি ২৬ ও ২৮ মার্চ।