নিউজিল্যান্ডের কাছে ইনিংসে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ

ক্যারিবীয়দের চতুর্থ দিনের প্রতিরোধ টেকেনি বেশিক্ষণ।চতুর্থ দিনে নিয়েও ওয়েলিংটন টেস্ট বাঁচাতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। ফলাফল দ্বিতীয় এই টেস্ট ইনিংস ও ১২ রানে জিতে পুরো সিরিজটাই ২-০তে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

এদিন নিউজিল্যান্ডকে পুনরায় ব্যাট করতে পাঠাতে আরও ৮৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। অধিনায়ক হোল্ডারের তৃতীয় দিনের দৃঢ়তায় মনে হচ্ছিল সেই প্রতিরোধ চতুর্থ দিনেও টিকবে। কিন্তু টিম সাউদি আর নিল ওয়েগনারের লেজ ছেঁটে দিয়েছেন ১৩.৩ ওভারের মধ্যেই। কিউইদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো হোল্ডারকে দিনের দ্বিতীয় ওভারেই বোল্ড করেছেন সাউদি। তবে ক্যারিবীয় ইনিংসের সবচেয়ে ইতিবাচক দিকটি হলো, এই টেস্টে অভিষেক করা ডা সিলভা দেখা পেয়েছেন হাফসেঞ্চুরির। বিদায় নেওয়ার আগে করেছেন ৫৭ রান। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন ওয়েগনার। এ দুজনের বিদায়ের পর ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে গেছে ৩১৭ রানে। অথচ আর ইনিংস হারের লজ্জা থেকে বাঁচতে তারা ১১ রান দূরে ছিল!

পেসারদের দাপটের দিনে ওয়েগনার ৫৪ রানে নিয়েছেন তিনটি উইকেট। সমান তিনটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে নিয়েছেন সাউদি ও কাইল জেমিসন। ম্যাচসেরা হেনরি নিকোলস আর সিরিজসেরা কাইল জেমিসন।

এই সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ১২০ পয়েন্ট অর্জন করেছে নিউজিল্যান্ড। যা তাদের ফাইনাল খেলার সম্ভাবনাকে করেছে উজ্জ্বল।

নিউজিল্যান্ড: ৪৬০/১০ (নিকোলস ১৭৪; গ্যাব্রিয়েল ৩/৯৩, জোসেপ ৩/১০৯)

ওয়েস্ট ইন্ডিজ: (ফলোঅন) ১৩১ ও ৩১৭ (ক্যাম্পবেল ৬৮, হোল্ডার ৬১; ওয়েগনার ৩/৫৪, বোল্ট ৩/৯৬)