মাশরাফি-মাহমুদউল্লাহ-ইমরুল-এনামুল-আল আমিনদের নিয়ে খুলনা দারুণ এক অভিজ্ঞ দল। চট্টগ্রামও খুব একটা পিছিয়ে নেই। লিটন-সৌম্য-মোস্তাফিজ-মিঠুনদের নিয়ে এই দলটিও দুর্দান্ত। তবুও খুলনাকেই এগিয়ে রাখছেন সালাউদ্দিন, ‘যারা ফাইনাল খেলছে, সেই দুই দলে বেশিরভাগই অভিজ্ঞ খেলোয়াড়। আমি মনে করি টি-টোয়েন্টি অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। মাঠের ভেতরে যাদের যত ভালো মাথা থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের বড় বড় কয়েকজন ক্রিকেটার আছে। আমাদের ছেলেদের হয়তো ওই অভিজ্ঞতা নেই, খুব বেশি ফাইনাল ম্যাচও তারা খেলেনি।’
মাঠে দর্শক না থাকায় চট্টগ্রামের ক্রিকেটাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন সালাউদ্দিন, ‘যেহেতু দর্শক নেই, এটা একটা বড় ধরনের সুবিধা। দর্শক থাকলে হয়তো একটু চিন্তার বিষয় ছিল। কারণ ওই চাপ নেওয়া ছেলেদের জন্য অনেক কঠিন হয়ে যেত। দর্শক না থাকায় একটু শান্তিতে আছি। পুরা টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, এ ম্যাচটাও সেভাবে খেলতে পারলে, আমাদের একটা ভালো সুযোগ থাকবে।’
জাতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মিঠুনের অধিনায়কত্বে দারুণ খেলছে চট্টগ্রাম। সালাউদ্দিন অধিনায়ক মিঠুনের প্রশংসা করে বলেছেন, ‘মিঠুনের মাথা খুবই ভালো এবং খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমার খেলোয়াড়েরাও বুঝতে পেরেছে মিঠুনের মাথা খুবই ভালো। পাশাপাশি লিটনেরও প্রশংসা অনেক করতে হবে। তারা দুইজন মাঠে ছিল বলে আমাদের ছেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে। আমি মনে করি অধিনায়কত্ব করার মতো বিষয়গুলো তার আছে। সে যদি ভালো ক্রিকেট খেলে, তাহলে তার অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে।’