পাকিস্তানের দুর্দশা আরও বাড়িয়ে দিলেন শাদাব

শাদাব খান।চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেই বাবর আজম ও ইমাম উল হক। সেই তালিকায় এবার যোগ হলো লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের নাম। এতে করে মূল তারকাদের না থাকা স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে পাকিস্তান শিবিরে।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টির পরেই জানা গেছে, শাদাব চোট পেয়েছেন ঊরুতে। তার বদলে বামহাতি স্পিনার জাফর গওহরকে যোগ করা হয়েছে পাকিস্তান দলে। শাদাব প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন, সেটিরও নিশ্চয়তা দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিবৃতিতে তারা জানিয়েছে, ‘শাদাবের এমআরআই করানো হবে। এর পরেই ইনজুরির বিস্তারিত জানা যাবে। তখন বলা যাবে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে কবে ফিরতে পারবেন।’

এর ফলে ভাগ্য সুপ্রসন্ন হতে পারে জাফরের। কারণ তিনি এখনও টেস্ট খেলার সুযোগ পাননি। ঘরোয়া ক্রিকেটে ২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে তাকে রেখেছেন নির্বাচকরা। ঘরোয়া মৌসুমে তৃতীয় সর্বাধিক ৩৮টি উইকেট নিয়েছেন। পাঁচবার নিয়েছেন ৪টি করে উইকেট। 

স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক প্রথম টেস্ট), আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমরান বাট, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান, ইয়াসির শাহ ও জাফর গওহর।