‘কলিনদ্রেস-দোরিয়েন্তনদের দারুণ ফিনিশ, তাতেই ৬ গোল’

শেখ জামালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে ফেডারেশন কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আবাহনী লিমিটেড। উঁচুমানের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে নাবীব নেওয়াজ জীবনদের দারুণ রসায়নে এমন বড় জয় এসেছে। সবশেষ কবে এমন বড় ব্যবধানে হেরেছে শেখ জামাল, তা বলা কঠিন। এমন ম্যাচের পর আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস স্বভাবতই উচ্ছ্বসিত।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম ছাড়ার আগে ৩৫ বছর বয়সী কোচ বাংলা ট্রিবিউনকে ৬ গোলে জেতার রহস্য খুলে বলেছেন, ‘আজ আমরা সব বিভাগেই ভালো খেলেছি। সবাই যার যার জায়গায় নিজের সেরাটা খেলতে পেরেছে। আধিপত্য করেছি। কলিনদ্রেস-দোরিয়েন্তন-জীবন-রাফায়েল দারুণ ফিনিশ করেছে। তাতেই ৬ গোল এসেছে।’

তবে স্প্যানিশ কোচের অধীনে শেখ জামাল এভাবে বিধ্বস্ত হবে তা কে ভেবেছিল! লেমসও ভাবেননি। বলেছেন, ‘শেখ জামাল ৬ গোল হজম করার মতো দল নয়। হয়তো তারা দ্বিতীয়ার্ধে চোটের কারণে আরও পিছিয়ে যায়।’

৬ জানুয়ারি ফেডারেশন কাপের সেমিফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে লড়বে আবাহনী। প্রতিপক্ষ সম্পর্কে সতর্ক মন্তব্য লেমসের, ‘সাইফ ভালো দল। কঠিন দল। তাদের হারানোটা কঠিন হবে। তবে হারাতে হলে আমাদের ভালো খেলতে হবে। এটা অন্যরকম ম্যাচ হবে। সহজ হবে বলে মনে হয় না।’