শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩-এর লোগো এবং মাসকট উন্মোচন করলেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই সঙ্গে এগিয়ে যাচ্ছে আমাদের ক্রীড়াঙ্গন। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নতুন প্রতিভার সমন্বয়ে আমরা জাতীয় দলগুলোকে সমৃদ্ধ করতে পারবো।’
শেখ কামাল যুব গেমসের মূল লক্ষ্য হলো দেশব্যাপী উদীয়মান তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিকে সমুন্নত করা।
উল্লেখ্য, গত বছরের মতো এবারও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
শেখ কামাল যুব গেমস ২০২৩-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেয়ারম্যান হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং কো-চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধানের স্ত্রী নুরজাহান আহমেদ, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান সস্ত্রীক এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম সস্ত্রীক উপস্থিত ছিলেন। এ ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব, অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, স্পন্সর ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
লোগো এবং মাসকট উন্মোচনে আমন্ত্রিত অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং থিম সং বাজিয়ে শোনানো হয়। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে আন্তঃউপজেলা, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্বে আন্তঃজেলা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৩ পর্যন্ত জাতীয় পর্যায়ে এই গেমস অনুষ্ঠিত হবে।