ছেলে-মেয়েদের সমতার বার্তা নিয়ে ব্যতিক্রমধর্মী খেলার আয়োজন

শিশুদের খেলাধুলার আয়োজনের মধ্যে দিয়ে অন্যরকম এক বার্তা দিতে ‘খেলার ডাক’ নামে ব্যতিক্রমী এক আয়োজন করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। রাজধানীর রিয়া গোপ উইমেনস স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত আয়োজনে প্রায় ২০০ জন ছেলে ও মেয়ে অংশ নেয়। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ‘খেলবেই বাংলাদেশ’।

শিশুদের খেলাধুলার মাধ্যমে লিঙ্গসমতা ও অন্তর্ভুক্তির বার্তা পৌঁছে দেওয়াটাও ছিল মুখ্য উদ্দেশ্য। যদিও বাংলাদেশে মেয়েদের খেলাধুলার সুযোগ এখনও বেশ সীমিত। সেই অভাব ঘোচাতেই এই উদ্যোগ নেওয়া। আয়োজকরা চেয়েছেন মেয়েদের জন্য এমন এক নিরাপদ পরিবেশ তৈরি করতে, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে পারে ও খেলতে পারে।

দিনের শুরুটা হয়েছিল ‘সুস্থ নিশ্বাস’ নামে একটি বিশেষ সেশন দিয়ে। সেখানে শিশুদের শ্বাসপ্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়। এরপর পেশাদার কোচদের অধীনে শিশুরা মেতে ওঠে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, আর্চারি ও বক্সিংয়ের মতো খেলায়। অংশগ্রহণকারী শিশুদের অনেকের জন্যই অনেক খেলা ছিল জীবনের প্রথম অভিজ্ঞতা। দিন শেষে খুদে অ্যাথলেটদের হাতে তুলে দেওয়া হয় পদক।

এমন আয়োজন নিয়ে মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেছেন, ‘শিশুরা যখন একসঙ্গে সমানভাবে খেলতে শেখে, তখন তারা সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। খেলার ডাক এমন এক ভবিষ্যৎ গড়ার চেষ্টা, যেখানে খেলা ও সুযোগ সবার জন্য সমান থাকবে।’