শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও আনন্দময় পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘মাইলস্টোন স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২৬’।
২০২৫ সালের ২১ জুলাইয়ের ট্র্যাজেডির পর খেলাধুলা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা মুশফিকুর রহিম। তার উপস্থিতিতে ক্যাম্পাসে উৎসবমুখর হয়ে উঠে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেনটেটিভ ইভিগুচি তোমোহিদে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ প্রিন্সিপাল রিফাত নবি আলম এবং একমাত্রা সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর ড. নিলয় রঞ্জন বিশ্বাস। তারা সবাই শিশুদের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের ওপর গুরুত্ব তুলে ধরেন।
খেলার পর্বে মুশফিকুর রহিম শিক্ষার্থীদের সঙ্গে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন এবং তাদের মনোবল ও শৃঙ্খলার প্রশংসা করেন।
ফেস্টিভ্যালটি আয়োজন করে জাইকা বাংলাদেশ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আয়োজন সহযোগী ছিল একমাত্রা এন্টারপ্রেনার্স লিমিটেড এবং সহযোগিতায় এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশ।