এই ট্রফি দেশের মানুষের জন্য: সাবিনা

সাফ ফুটসালে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে মিষ্টি মুখের পাশাপাশি ফুলেল শুভেচ্ছা পেয়েছেন বাংলাদেশের খেলোয়াড়েরা।  বিমানবন্দর থেকে তাদের ছাদখোলা বাসে করে নেওয়া হয় হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে। সেখানে অধিনায়ক সাবিনা খাতুন এই ট্রফি উৎসর্গ করেছেন দেশের মানুষের জন্য।

২০২২ ও ২০২৪ সালে সাফ ফুটবলজয়ী নারী ফুটবল দলকেও এভাবেই বরণ করেছিল বাফুফে। সেবারের সেই উৎসবের আমেজ এবার দেখা যায়নি। তবে, মানুষের আগ্রহ কম থাকলেও গানের তালে নেচে-গেয়ে ট্রফির সঙ্গে লাল সবুজ পতাকা হাতে ছাদখোলা বাসে উদযাপনটা জমপেশই করেছেন সবাই। 

অ্যাম্ফিথিয়েটারের সংবর্ধনা অনুষ্ঠানে সাবিনা বলেছেন, “সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। ম্যাচ জেতার পর যখন সোশ্যাল মিডিয়ায় যাই, তখন দেশের মানুষের ভালোলাগা-ভালোবাসা দেখতে পাই। ওই জায়গা থেকেই মোটিভেশন আসে, মেয়েরা উৎসাহিত হয়। মেয়েদের খেলার আগ্রহ, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকে এই ট্রফি আপনাদের জন্যই। দেশের মানুষের জন্য।”

ট্রফি পেয়ে দলের ইরানি কোচ সাঈদ খোদারাহমিও আনন্দিত। ‎সাবিনারা আজ দেশে ফিরলেও চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই ঢাকায় চলে আসেন কোচ খোদারাহমি। দলকে স্বাগত জানাতে বিকালেই চলে যান বিমানবন্দরে। কোচ বলেছেন,  “তারা খুবই ভালো করেছে। প্রথমবার অংশ নিয়েই শিরোপা জিতবে ভাবিনি। আমি খুবই আনন্দিত। সামনের দিকে এই সাফল্য ধরে রাখতে হবে।”

ম্যানেজার ইমরানুর রহমান সাবিনাদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, “সবাই মিলে চেষ্টা করলে ফুটসালের জন্য মাঠ করা যায়। এছাড়া সবাই যেন খেলোয়াড়দের পাশে থেকে সহযোগিতা করে তাহলে খেলাটি এগিয়ে যাবে।”