জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ কাভার করতে গিয়ে জায়গার সংকটে পড়তে হতো ক্রীড়া সাংবাদিকদের। বারবার দাবি জানিয়েও সমাধান মেলেনি। এবার সেই সমস্যার সমাধানে সরাসরি মাঠে নামলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঝটিকা পরিদর্শনে গিয়ে জাতীয় স্টেডিয়ামের মিডিয়া বক্সের পাশের ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।
নতুন কুঁড়ি প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব আগামী ৪ নভেম্বর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে। এর আগে আজ বুধবার ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখান থেকে হঠাৎ ক্রীড়া সাংবাদিকদের নিয়ে জাতীয় স্টেডিয়ামের প্রেস বক্স পরিদর্শনে যান তিনি। সরেজমিনে পরিস্থিতি দেখে মিডিয়া বক্সের ওপরের ওভারফ্লো জোন সাংবাদিকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।
আন্তর্জাতিক ফুটবলের আসর বসলে জাতীয় স্টেডিয়ামের ওভারফ্লো জোনে সাংবাদিকদের বসার সুযোগ থাকতো না। অভিযোগ রয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জায়গাটি অন্য প্রতিষ্ঠানের কাছে বরাদ্দ বা বিক্রি করে দিতো। এ নিয়ে সাংবাদিকেরা বারবার দাবি জানালেও বাফুফের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
সামনে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ। তাই বিষয়টি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজরে আনেন সাংবাদিকেরা। তাদের কথা শুনেই স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। সাংবাদিকেরা যাতে নির্বিঘ্নে ওভারফ্লো জোনে বসে খেলা কাভার করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পাশে নিয়ে সংবাদমাধ্যমকে আমিনুল হক বলেন, ‘ঘরোয়া কিংবা আন্তর্জাতিক যে কোনও ফুটবল আসরেই মিডিয়া বক্সের পাশাপাশি ওভারফ্লো জোন ক্রীড়া সাংবাদিকরা ব্যবহার করতে পারবেন। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপ দিয়েই তা কার্যকর হবে। এমনিতে প্রেস বক্সে মাঝে পিলারের কারণে ৫০-৬০ জন বসে কাভার করতে পারে না। তাই ওভারফ্লো জোনে বসে বাকি সাংবাদিকরা এখন থেকে ম্যাচ কাভার করবেন। ক্রীড়া সাংবাদিকরা হলো খেলার প্রাণ। তারা ম্যাচ কাভার করতে না পারলে কেমনে হবে?’
এ সময় জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালককে এ বিষয়ে একটি চিঠি জারি করার নির্দেশও দেন প্রতিমন্ত্রী। তার সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে হাসতে হাসতে আমিনুল বলেন, ‘আপাতত নীতিগত সিদ্ধান্ত এটা। তবে আমি কথা দিচ্ছি, আমার এই সিদ্ধান্ত বদলে যাবে না। ক্রীড়া সাংবাদিকরা দুই জায়গাতে বসে খেলা কাভার করতে পারবেন।’
এর আগে তিনি বলেন, ‘সামান্য কয়েক লাখ টাকার জন্য তো এই জায়গা থেকে ক্রীড়া সাংবাদিকরা বঞ্চিত হতে পারেন না।’