আউট হয়ে ক্ষোভ দেখানোয় শাস্তি পেলেন আগা

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানআউট হয়ে ক্ষোভ প্রকাশ করায় পাকিস্তানের ব্যাটার সালমান আলি আগা শাস্তি পেয়েছেন। ম্যাচ রেফারি তাকে তিরস্কার করেছেন এবং আইসিসির আচরণবিধি অনুযায়ী তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ মার্চ) পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মেহেদী হাসান মিরাজের বল ব্যাটে লাগিয়ে মোহাম্মদ রিজওয়ান বোলারের দিকে ঠেলে দেন। মিরাজ বলটি পা দিয়ে থামালেও সেটি কাছেই পড়ে ছিল। এ সময় ক্রিজের বাইরে থাকা সালমান আগা বলটি তুলে মিরাজের দিকে দিতে গেলে মিরাজ দ্রুত বল কুড়িয়ে স্টাম্পে আঘাত করেন। পরে থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা রিপ্লে দেখে তাকে রানআউট ঘোষণা করেন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ার সময় সালমান মেজাজ হারান। সাজঘরে ফেরার পথে বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। এরপর ড্রেসিংরুমে যাওয়ার আগে তিনি রাগের মাথায় নিজের গ্লাভস ও ব্যাট ছুড়ে ফেলেন।

ম্যাচ রেফারির মতে, এই আচরণ আইসিসির আচরণবিধির ২.২ ধারার লঙ্ঘন, যা ক্রিকেট সরঞ্জামের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে বিবেচিত হয়। এটি লেভেল-১ অপরাধের আওতায় পড়ে। আগের কোনও শাস্তির রেকর্ড না থাকায় সালমানকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

তবে লিটন দাসের সঙ্গে তার বাক্যবিনিময়কে ম্যাচ রেফারি ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখেছেন, তাই সে বিষয়ে কোনও আলাদা অভিযোগ আনা হয়নি। সালমান শাস্তি মেনে নেওয়ায় এ নিয়ে আনুষ্ঠানিক শুনানিরও প্রয়োজন হয়নি।

এই ম্যাচে বৃষ্টি-বিঘ্নিত খেলায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১২৮ রানে জয় পায় পাকিস্তান, ফলে সিরিজে সমতা ফেরায় তারা।