‘শুধু ক্রিকেট-ফুটবল নয়, সব খেলার উন্নয়নে কাজ করছে সরকার’

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শুধু ক্রিকেট বা ফুটবল নয়, বরং সার্ফিংসহ সব ধরনের খেলাধুলার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে শুরু হওয়া অষ্টম জাতীয় সার্ফিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় লাবনী পয়েন্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, ইতোমধ্যে অনেক খেলোয়াড়কে বেতনের আওতায় আনা হয়েছে এবং আর্থিকভাবে দুর্বল ফেডারেশনগুলোকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। সার্ফাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভবিষ্যতে তাদেরও বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

এবারের প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে শতাধিক সার্ফার অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এই আয়োজন দেশে সার্ফিং খেলাকে আরও জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তোলার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।

জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর জেনারেল (অব.) এ কে এম মুজাহিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এবং স্পন্সর প্রতিষ্ঠান কিউটের কর্নধার কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল।