ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে স্বাগতিক মেক্সিকো

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ এর প্রথম ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটে গোলটি করেন মেক্সিকোর ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। এর ফলে ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে  যায় স্বাগতিকরা। এরপর প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি কোনও দলই।

আজকের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছে মেক্সিকো। শক্তিমত্তা ও ফিফা র‌্যাংকিং—দুই দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে মেক্সিকোর অবস্থান ১৫তম, আর দক্ষিণ আফ্রিকা রয়েছে ৬০তম স্থানে।

মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে মেক্সিকানরা। দুই দল এখন পর্যন্ত চারবার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে। এর মধ্যে দুই ম্যাচে জয় পেয়েছে মেক্সিকো, একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং একটি ম্যাচ ড্র হয়েছে।