ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর: রোনালদো 

উত্তর আমেরিকা বিশ্বকাপে ছিলেন নিজের ছায়া হয়ে। বিশ্বকাপ অভিযানের পর থেকেই প্রশ্ন উঠেছে, কবে অবসর নিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? সেই ইঙ্গিতই দিলেন যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন ‘ভোগ’-কে দেওয়া সাক্ষাৎকারে।

পর্তুগাল কিংবদন্তী বলেছেন, ‘ফুটবলে এটিই হয়তো আমার শেষ বছর, আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।’

বুট জোড়া তুলে রাখার পর কী করবেন সেটাও জানিয়ে রাখলেন রোনালদো, ‘আমি ভবিষ্যতের পরিকল্পনা করে রেখেছি। আমার করার মতো এত কিছু থাকবে, যা আমাকে ব্যস্ত রাখবে। তাই নির্দিষ্ট একটি কাজ করা সত্যিই কঠিন। ফুটবল থেকে অবসর নিলে যে বিশাল শূন্যতা তৈরি হবে, সেটা পূরণ করতে শুধু একটি নয়, নানা ধরনের কাজে নিজেকে যুক্ত রাখতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জীবনটাকে আরও বেশি উপভোগ করতে চাই, আরও বেশি ভ্রমণ করতে চাই। আমি এবং আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করে যেতে চাই, কারণ শেষ পর্যন্ত এটি ছিল ২৫ বছরের চরম ত্যাগের এক গল্প।’

রোনালদো অবসরের ইঙ্গিত দিলেও লিওনেল মেসি সেটা দেননি; বরং বাবার মৃত্যুশোক কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি।