হামজাকে ১০ এ ১০ দিলেন ডুলি

ইংল্যান্ডের ক্লাব ফুটবলে হামজাকে সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে দেখা যায়। কিন্তু ডুলি তাকে বাংলাদেশের হয়ে অপেক্ষাকৃত আক্রমণাত্মক ভূমিকায় ব্যবহার করছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও ১০ নম্বর পজিশনে খেলেছেন হামজা। এর ব্যাখ্যায় কোচ জানিয়েছেন, মাঝমাঠের রক্ষণ সামলানোর দায়িত্ব অন্যদের দিয়ে হামজার আক্রমণাত্মক সামর্থ্য কাজে লাগাতে চেয়েছেন তিনি।

ম্যাচশেষে ডুলি বলেছেন, ‘হামজাকে ওপরে খেলানোর পেছনে আমাদের পরিকল্পনা ছিল। সে ৬ বা ৮ নম্বর পজিশনে খেললে অনেক সময় সব জায়গায় সাহায্য করতে চায়। কিন্তু আমরা চেয়েছি রক্ষণভাগ ও মাঝমাঠের কেন্দ্রটা সুসংগঠিত রাখতে। হামজাকে ওপরে খেলালে তার ফুটবলীয় প্রজ্ঞা কাজে লাগিয়ে অন্যদের পাস দিতে পারবে। পাশাপাশি দূর থেকে শট নিতে পারবে, বক্সে ঢুকে হেড করতে পারবে। সে আমাদের জন্য সামনে সত্যিই বিপজ্জনক একজন খেলোয়াড়।’

শ্রীলঙ্কার বিপক্ষে হামজার হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দিয়েছিলেন ডুলি। শুধু এই ম্যাচ নয়, টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান তিনি।

কোচ জানান, শুরুতে হামজা অধিনায়ক হতে আগ্রহী ছিলেন না। সে কারণে জামাল ভূঁইয়া অধিনায়কের দায়িত্ব পালন করছিলেন। তবে দলের বর্তমান পরিস্থিতিতে হামজাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ডুলি বলেন, ‘অধিনায়ক হিসেবে হামজার চেয়ে ভালো কেউ নেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আশা করি, সে যত ম্যাচ খেলবে, প্রতিবারই অধিনায়ক থাকতে চাইবে। মাঠে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। রেফারির সঙ্গে কথা বলার ক্ষেত্রেও সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

শুধু অধিনায়কত্ব নয়, ব্যক্তিগত পারফরম্যান্সেও হামজাকে পূর্ণ নম্বর দিয়েছেন ডুলি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তার কাছে হামজার পারফরম্যান্সের ১০-এর মধ্যে রেটিং জানতে চাইলে কোচের সরাসরি উত্তর, ‘১০। ১০। এটা অসাধারণ ছিল। আপনি আর কী চান সে করুক? সে পাঁচটা গোল করবে?’

গোল করার সমস্যার সমাধান দেখছেন ডুলি

বাংলাদেশ ফুটবলের দীর্ঘদিনের সমস্যা গোলের অভাব। এক ম্যাচে চার গোল করার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এই পারফরম্যান্স কি ভবিষ্যতে গোল করার সমস্যার সমাধানের ইঙ্গিত দিচ্ছে? ডুলি মনে করেন, হামজাকে আক্রমণাত্মক ভূমিকায় খেলানো এ ক্ষেত্রে কার্যকর হতে পারে।

তবে দলে একজন স্বাভাবিক ৯ নম্বর স্ট্রাইকার থাকলে গোল করার কাজ আরও সহজ হতো বলেও মনে করেন তিনি।

ডুলির কথায়, ‘অন্য কিছু দলের মতো আমাদেরও যদি একজন লম্বা ৯ নম্বর খেলোয়াড় থাকত, যে প্রতিপক্ষের বক্সে বিপজ্জনক জায়গায় যেতে পারে, তাহলে বিষয়টি আরও সহজ হতো। তবে ১০ নম্বরে হামজাকে পাওয়ায় সে আমাদের বক্সের ভেতরে আরও বিপজ্জনক হতে সাহায্য করছে।’

একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোলের সংখ্যা নয়, তিন পয়েন্ট পাওয়াই তার কাছে বড় বিষয়। বলেছেন, ‘পরের কয়েকটি ম্যাচে আশা করি আমরা আরও সুযোগ তৈরি করব এবং গোল করব। তবে আমাদের ম্যাচ জিততে হবে। সেটা ১-০ হলেও কিছু যায় আসে না।’

চার গোলের পর প্রত্যাশার চাপ নয়, উন্নতির তাগিদ

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর দলের ওপর প্রত্যাশার চাপ বাড়বে কি না, এমন প্রশ্নে ডুলি বলেছেন, প্রতিটি ম্যাচই তাদের জন্য নতুন চ্যালেঞ্জ। তবে একটি জয় দিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না তিনি। বরং একই ধরনের ফুটবল পরবর্তী ম্যাচগুলোতেও ধরে রাখতে চান।

তার মতে, খেলোয়াড়দের অনুশীলনে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। শুধু অতীতের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে একাদশে জায়গা দেওয়া হবে না।

ডুলি বলেন, ‘কিছুই রাতারাতি হয় না। খেলোয়াড়দের বুঝতে হবে আমরা কীভাবে খেলতে চাই এবং ব্যক্তিগতভাবে তাদের ভূমিকা কী। অনুশীলনে দেখাতে হবে, দলের জন্য তারা কী দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ম্যাচে তারা কী করে। ভালো খেললে আবারও দলের অংশ হবে, আবার শুরু থেকে খেলার সুযোগ পাবে।’

দলের উন্নতির জন্য ‘স্ক্যানিং’ বা বল পাওয়ার আগেই চারপাশের পরিস্থিতি বুঝে নেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন কোচ। তার মতে, বল পেয়ে তারপর কী করবেন, তা ভাবতে গেলে সিদ্ধান্ত নিতে দেরি হয়। ফলে খেলার গতিও কমে যায়।

ডুলির ব্যাখ্যা, ‘বল পাওয়ার আগেই জানতে হবে পরবর্তী তিন সেকেন্ডে কী করতে যাচ্ছি। শুধু বলের দিকে তাকিয়ে থাকলে হবে না। বল পাওয়ার আগেই মাঠ স্ক্যান করতে হবে, সতীর্থের অবস্থান বুঝতে হবে এবং কোথায় পাস দেওয়া যায়, সেটা জানতে হবে। ফুটবলে খেলার গতিই সবকিছু। আমরা যদি দ্রুত সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে ধীরগতির হয়ে পড়ব।’

তবে এই জয়কে চূড়ান্ত সাফল্য হিসেবে দেখছেন না বাংলাদেশের কোচ। তার লক্ষ্য, শ্রীলঙ্কার বিপক্ষে যে আক্রমণাত্মক ও সংগঠিত ফুটবল খেলেছে বাংলাদেশ, পরবর্তী ম্যাচগুলোতেও সেই ধারাবাহিকতা ধরে রাখা।