লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমেই দর্শক-খরার মুখে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিপক্ষে ম্যাচ হোক কিংবা কোস্টারিকার বিপক্ষে বড় জয়, কোনোটিতেই গ্যালারি ভরাতে পারেনি আলবিসেলেস্তেরা। এমনকি কোস্টারিকার বিপক্ষে ৭-০ গোলের জয়ের ম্যাচেও বিরতির পর বিনা টিকিটে দর্শকদের জন্য স্টেডিয়ামের ফটক খুলে দিতে হয়েছে!
মেসির বিদায়ের প্রভাব যে আর্জেন্টিনার মাঠের বাইরের জনপ্রিয়তায় পড়তে শুরু করেছে, তার প্রমাণ মিলেছে নভেম্বরে জাতীয় দলের ম্যাচগুলোতে। অথচ এর ঠিক এক মাস আগেও ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র।
অক্টোবরে রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচ ঘিরে টিকিটের জন্য হাহাকার পড়ে গিয়েছিল। মাত্র ৯০ মিনিটে শেষ হয়ে যায় সব টিকিট। ৬০ ডলারের টিকিট কালোবাজারে বিক্রি হয়েছিল ৬০০ ডলারেরও বেশি দামে। কিন্তু মেসি না থাকতেই বদলে গেছে দৃশ্যপট। উরুগুয়ের বিপক্ষে লা বোম্বোনেরা এবং কোস্টারিকার বিপক্ষে কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামের বড় অংশ ছিল ফাঁকা।
দর্শকদের এমন অনাগ্রহ ভাবিয়ে তুলেছে আর্জেন্টাইন ফুটবলারদেরও। কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘আমাদের জনগণকে আবারও এই জাতীয় দলের প্রেমে ফেলতে হবে। আমরা জানি লিও এখানে নেই, মানুষ অবশ্যই তাকে আরও দেখতে চেয়েছিল। কিন্তু দিনশেষে এটি আর্জেন্টিনা জাতীয় দল এবং আমাদের সেই ভালোবাসাটা প্রয়োজন।’
মেসির ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক স্ট্রাইকার সার্জিও আগুয়েরো অবশ্য বিষয়টিকে দেখছেন বাস্তবতার নিরিখে। ইএসপিএন আর্জেন্টিনাকে তিনি বলেছেন, এটা সহজ অঙ্ক। মেসি প্রচুর দর্শক টানেন। অনেক পরিবার ও শিশু শুধু তার খেলা দেখতেই মাঠে আসে। তাছাড়া সমর্থকেরা এখন অনেকটা নির্ভার, কারণ আমরা কোপা আমেরিকা ও বিশ্বকাপ জিতেছি। মানুষ হয়তো ভাবছে, লিও চলে গেছে, এখন ঘরে বসেই খেলা দেখি। নতুন দলটির সঙ্গে মানিয়ে নিতে দর্শকদের একটু সময় লাগবে।
এদিকে গ্যালারিতে দর্শক কমার পাশাপাশি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে মেসির বাণিজ্যিক সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিনের খবর অনুযায়ী, নিজের নাম ও ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার না করার জন্য এএফএ ও সভাপতি ক্লদিও তাপিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছেন মেসি। সংস্থাটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্ত এবং যুক্তরাষ্ট্রে একটি প্রীতি ম্যাচ ঘিরে হওয়া মামলায় নিজের নাম জড়িয়ে পড়ার পর এই পদক্ষেপ নিয়েছেন তিনি বলে ধারণা করা হচ্ছে।
তবে মাঠের খেলায় নতুন দিনের স্বপ্ন দেখছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করা এই কোচের অধীনে তরুণদের নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা আর্জেন্টিনার। মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় উঠে এসেছেন ২২ বছর বয়সী নিকো পাজ। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোলও করেছেন তিনি।
তবে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করার পাশাপাশি সমর্থকদের আগের সেই উন্মাদনা ফিরিয়ে আনাও এখন স্কালোনির সামনে বড় চ্যালেঞ্জ।