লিওনেল মেসির ইন্টার মায়ামির লিগ মেজর লিগ সকারে (এমএলএস) আবারও পরিবর্তন আসছে। ২০২৭-২৮ মৌসুম থেকে প্লে-অফের ফরম্যাটে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করেছে আয়োজকরা। নতুন নিয়মে প্লে-অফে দলের সংখ্যা ১৮ থেকে কমিয়ে ১৬ করা হচ্ছে। পাশাপাশি বাদ পড়ছে বর্তমানের ওয়াইল্ড কার্ড রাউন্ড।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফরম্যাটে প্রথম দুই রাউন্ডের ম্যাচ হবে দুই লেগে। অর্থাৎ প্রতিটি দল হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল হবে এক ম্যাচের নকআউট পদ্ধতিতে। দুই লেগের ম্যাচে সমতা থাকলে অতিরিক্ত সময় ও টাইব্রেকারে নিষ্পত্তি হবে।
বর্তমানে এমএলএসের প্লে-অফে ১৮টি দল খেলার সুযোগ পায়। প্রথম রাউন্ডে রয়েছে তিন ম্যাচের সিরিজ। নতুন পরিকল্পনায় এই পদ্ধতি বাদ দিয়ে দুই লেগের লড়াই ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। খবরটি প্রকাশ করেছে রয়টার্সও।
প্লে-অফের পাশাপাশি লিগের সূচিতেও বড় পরিবর্তন আসছে। ২০২৭ সালের জুলাই থেকে ইউরোপের শীর্ষ লিগগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রীষ্ম থেকে বসন্ত পর্যন্ত মৌসুম আয়োজন করবে এমএলএস। নতুন মৌসুম শেষ হবে পরের বছরের মে মাসে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শুরু পর্যন্ত থাকবে শীতকালীন বিরতি।
তবে নতুন সূচিতে যাওয়ার আগে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত হবে সংক্ষিপ্ত একটি মৌসুম। নাম দেওয়া হয়েছে ‘স্প্রিন্ট সিজন’। এই পর্বে প্রতিটি দল নিয়মিত লিগে ১৪টি করে ম্যাচ খেলবে। এরপর দুই কনফারেন্সের শীর্ষ আটটি দল নিয়ে হবে প্লে-অফ।
এমএলএস কর্তৃপক্ষের এই পরিবর্তনের লক্ষ্য আন্তর্জাতিক ফুটবলের সূচির সঙ্গে সামঞ্জস্য তৈরি এবং লিগের প্রতিযোগিতামূলক আকর্ষণ বাড়ানো। মেসির ইন্টার মায়ামিসহ ৩০টি ক্লাবকে নিয়ে নতুন এই কাঠামোয় শুরু হবে এমএলএসের নতুন অধ্যায়।
আর্জেন্টিনার গ্যালারি কেন এখন ভরছে না?