উইকেট নিয়ে বিভ্রান্তিতে মুশফিক!

বরিশালের উদযাপনউইকেট দেখে মনে হয় ব্যাটিং করা কঠিন, কিন্তু বাস্তবে ব্যাটিং করাটা অনেক সহজ- কথাগুলো বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিমের। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বোলারদের বিপক্ষে ব্যাটিংয়ে গিয়ে এমনই উপলব্ধি হয়েছে মুশফিকের। তাইতো রীতিমতো বিভ্রান্তিতে পড়েছেন তিনি।
মুশফিক উইকেট নিয়ে বিভ্রান্তিতে পড়লেও ম্যাচটি আরামেই জিতেছে বরিশাল। কুমিল্লার বিপক্ষে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে চলতি আসরের প্রথম জয় পেয়েছে তারা। উইকেট নিয়ে মুশফিক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সত্যি বলতে উইকেট দেখে মনে হয় ভালো, কিন্তু ব্যাটিং করতে গেলে অনেক কঠিন মনে হয়। নতুন বলে স্পিনটা কঠিন হচ্ছে এখানে। আমি কিপিং করেও বুঝলাম পেস বোলিংটাও কঠিন। একটা বল উঁচুতে উঠছে, অন্য একটা নিচুতে নামছে।’

ঠিক কী কারনে এমন হতে পারে বলে মনে করছেন জানতে চাইলে মুশফিক বলেছেন, ‘হয়তো আবহাওয়ার কারণে এমন হতে পারে। আরেকটা কারণ হতে পারে প্রতিদিন ম্যাচ হচ্ছে। কাজটা কিউরেটরের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং।’

গত কয়েক ম্যাচ ধরেই দলগুলো খুব ভালো সংগ্রহ দাঁড় করাতে পারছে না। উইকেটের প্রভাব এখানে খানিকটা থাকলেও ব্যাটসম্যানদের ব্যর্থতাই অনেকাংশে দায়ি। সবমিলিয়ে তাই ব্যাটসম্যানদের জন্য খেলাটা অনেক বেশি চ্যালঞ্জিং। মুশফিকও তাই মনে করছেন, ‘বড় ব্যাপার হচ্ছে ব্যাটসম্যানদের জন্য এমন উইকেটে খেলাটা অনেক বেশি চ্যালেঞ্জিং। এখনও একটা ১৭০ রানের বেশি ইনিংস হয়নি। এরমানে একটু হলেও কঠিন।’

মুশফিকের দাবি এমন এক উইকেট যেখানে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও সুবিধা পাবেন, ‘টি-টোয়েন্টিতে বিদেশের মাটিতেও এরকম স্কোর অনেক সময় হয়। তারপরও আমার মতে উ্ইকেট আরও একটু স্পোর্টিং হলে ভালো হয়। যা ব্যাটসম্যানকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবে।’

/আরআই/এফএইচএম/