এমন সব অর্জনের কারণে খুব স্বাভাবিকভাবেই সবার প্রশংসা কুঁড়াচ্ছেন মিরাজ। রাজশাহী কিংসের সতীর্থ ড্যারেন স্যামিতো তার উজ্জ্বল ভবিষ্যৎই দেখে ফেলছেন। গত শুক্রবার ঢাকা ডায়নামাইটসকে হারাতে বল হাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডানহাতি এই স্পিনার। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন কুমার সাঙ্গাকারা ও সাকিব আল হাসানের গুরুত্বপূর্ণ দুটি উইকেট।
শনিবার দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের কাছে তাই মিরাজের প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যারিবিয়ান তারকা স্যামি, ‘সে দারুণ প্রতিভাবান। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে এলো। কিন্তু তার খেলা দেখে কখনওই মনে হবে না সে মাত্রই এই পর্যায়ে খেলছে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেট প্রতিভাবান খুঁজে পেয়েছে। আমি তার ভবিষ্যৎ দেখতে পারছি। সে ভবিষ্যতেও দারুণ করবে।’
তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ডের সেরা দলের বিপক্ষে তাকে ভালো করে দেখেছি আমি। বিপিএলেও সে তার পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাকে বোলিংয়ে আনলেই মনে হয় এখন কিছু হতে যাচ্ছে। দলের অর্ধেক কাজ সে একাই করে দেয়। সে আমাদের দলের বিশেষ প্রতিভা।’
/আরআই/এফএইচএম/