ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিক বলেছেন, ‘সব মিলিয়ে কিছু পরিবর্তন দলে এনেছিলাম। যেমন জীবন মেন্ডিস প্রথমবারের মতো খেলল। অসাধারণ খেলেছে। কিছুটা হতাশা কাজ করলেও আশা করি পরের ম্যাচটিতে আমরা আরও শক্তশালী হয়ে ফিরে আসতে পারব।’
আগে ব্যাটিং করে রংপুর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে। বোলারদের ছন্দপতনে এমন হয়েছে বলে মনে করেন মুশফিক, ‘আমাদের বোলাররা প্রথম ৬ ওভার ভালো বোলিং করেছে। এরপর কিছুটা ছন্দপতন হয়েছে। যদিও মিথুন, ডসন অসাধারণ ব্যাটিং করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের বোলিং যেমনই হয়েছে। ফিল্ডিংয়ে আরও উন্নতি করার অনেক জায়গা আছে। আজকে এই কারণে ওদের কিছু রান বেশি হয়েছে।’
ম্যাচ হারের ব্যাখা করতে গিয়ে মুশফিক বলেছেন, ‘প্রথম ওভারেই উইকেট পতন, এরপর নাফীসের শুরুতে ফিরে যাওয়া। আমিও বেশি দূর যেতে পারেনি। টপ অর্ডারের ব্যার্থতাতেই মূলত হার দেখতে হয়েছে। আশা করি পরের ম্যাচে ভুলগুলো শুধরে আসতে পারব।’
/আরআই/কেআর/