কিন্তু শনিবার কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে শূন্য রানে ফিরে যান রাজশাহীর এই হার্ডহিটার ব্যাটসম্যান। সাব্বির ফিরে গেলে মমিনুল একাই বেশ কিছুক্ষণ প্রতিরোধ গড়েন। ৯১ রানে মমিনুল হক ফিরে গেলে ড্যারেন স্যামিও প্রথম বল রান নিতে গিয়ে আউট হলে ম্যাচটির পুরো নিয়ন্ত্রণ চলে যায় কুমিল্লার হাতে।
ম্যাচ শেষে মমিনুল এই দুটি আউটকেই ম্যাচের টার্নি পয়েন্ট হিসেবে বিবেচিত করলেন, ‘আমার কাছে মনে হয় সাব্বিরের আউটেই ম্যাচ চলে গেছে। আমাদের মূল ব্যাটসম্যান হলো সাব্বির। দলের জন্য সে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে আউট হওয়ার পর আমি কিছুটা চেষ্টা করেছিলাম। কিন্তু আমার পর স্যামি রান আউট হয়ে যাওয়ার পর ম্যাচটা আমাদের হাত থেকে বের হয়ে যায়।’
কুমিল্লার দেওয়া ১৫৩ রান কঠিন কোনও টার্গেট ছিল না বলে মনে করেন মমিনুল, ‘টার্গেট কঠিন ছিল না। আমার কাছে মনে হয়েছে সহজ। শেষের দিকে আমাদের ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারলে ম্যাচটা জেতা যেত।’
তিনি আরও যোগ করেন, ‘আমার কাছে মনে হয় শুরুটা একটু খারাপ হয়েছে। উইকেটে বল একটু নিচু হয়ে আসছিল। এজন্য পাওয়ার প্লেতে আমাদের রান আসেনি। মূলত পাওয়ার প্লে ব্যবহার করতে পারিনি বলেই পিছিয়ে গেছি।’
/আরআই/এফএইচএম/