ক্ষমা চাইলেন ইউনিস

ইউনিস খান।পাকিস্তানের ঘরোয়া লিগ বর্জন করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান। এরপর নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ায় তাকে দলের সঙ্গে যোগ দিতে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এমন কাণ্ড মেনে নিতে না পারায় গত মঙ্গলবার ইউনিস খানকে কারণ দর্শাতে বলে পিসিবি। এরপরেই ক্ষমা চান অভিজ্ঞ এই ক্রিকেটার।
এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘ইউনিস পাকিস্তান ক্রিকেটকে অনেক দিন ধরেই সেবা দিয়ে আসছে। পাকিস্তানে ও দেশের বাইরে তার যথেষ্ট সুনাম রয়েছে। যদিও এই ঘটনাটি ছিল দুর্ভাগ্যজনক। আমি সত্যিই আনন্দিত হয়েছি, ইউনিস নিজের ভুল স্বীকার করে নিয়েছে।’

উল্লেখ্য, ঘরোয়া লিগে আম্পায়ারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি অভিজ্ঞ পাক ক্রিকেটার ইউনিস খান। শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেট বর্জন করে বাড়ি চলে যান। এমনকি এজন্য ডাকা শুনানিতেও অংশ নেননি। এরফলে তাকে জরিমানা করে পিসিবি।

/এফআইআর/