পাঠান ঝড়ে কলকাতার জয়

241595.3ইউসুফ পাঠানের টর্নেডো ইনিংসে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার রাতে বিরাট কোহলির বেঙ্গালুরুর দেওয়া ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় গৌতম গম্ভীরের দল। ২৯ বলে ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন ইউসুফ পাঠান। ঝড়ো ইনিংস খেলতে ৬টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

টর হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই গেইলকে হারিয়ে বসে ব্যাঙ্গালুরু। তবে এরপর লোকেশ রাহুল এবং বিরাট কোহলির ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। এই দুজন ব্যাটসম্যান মিলে ৮৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। রাহুল ৩২ বলে ৫২ রান করে আউট হয়ে গেলে রানের গতি থেমে যায় ব্যাঙ্গালুরুর। পরের ওভারে ডি ভিলিয়ার্সের উইকেট নিয়ে ব্যাঙ্গালুরুর রানের চাকা থামিয়ে দেন পীযূষ চাওলা।

তবে কোহলির অর্ধশতকে আবারও পথ খুঁজে পায় ব্যাঙ্গালুরু। ৪৫ বলে ৫২ রান করে মরকেলের শিকার হন তিনি। তবে নিজেদের শেষ তিন ওভারে ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রানে থামে তাদের ইনিংস। ওয়াটসন ৩৪ রান করেন ২১ বল মোকাবিলা করে। শচীন বেবি ১৬ রান করেন ৮ বলে। বিনি ১৬ রান করেন ৪ বলে। শেষ তিন ওভারে রান আসে ৫৪। এই ম্যাচে নারাইন ৪ ওভারে ৪৫ রান দিয়েছেন।

১৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই রবিন উত্থাপাকে হারিয়ে বিপদে পড়ে কলকাতা। দলীয় ৩৪ রানে ফিরে যান ক্রিস লিন। এরপরে গম্ভীর ও মণীশ পান্ডে বিদায় নিলে ১০.১ ওভারে ৬৯ রানে ৪ উইকেট হারায় কলকাতা।

তবে সেখান থেকে ঘুরে দাঁড়ান আন্দ্রে রাসেল ও ইউসুফ পাঠান। এ দুজনের ৭.২ ওভারের ম্যাচ জয়ী জুটিতে আসে ৯৬ রান। ২৫ বলে ৩৯ রান করে ফিরে যান রাসেল। তবে শেষ পর্যন্ত কলকাতাকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইউসুফ পাঠান।

/এমআর/