রাহানের ব্যাটে দিল্লিকে হারালো পুনে

241891.3আট ম্যাচের মাত্র দুইটিতে জিতে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টস। প্রথমবার আইপিএল খেলতে আসা দলটি কোনওভাবে সুবিধা করতে পারছিল না। অবশেষে হারের বৃত্ত ভেঙেছে দলটি।
বৃহস্পতিবার রাতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে ৭ উইকেটে হারিয়েছে পুনে। আজিঙ্কা রাহানের ৪৮ বলে অপরাজিত ৬৩ রানের ইনিংসে ৫ বল হাতে রেখে দিল্লির দেওয়া ১৬৩ রানের টার্গেটে পৌঁছে যায় পুনে।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লি। শুরুতেই পান্টকে হারিয়ে বিপদে পড়ে দিল্লি। সেই বিপর্যয় দ্রুতই সামাল দেন করুন নায়ার এবং সঞ্জু স্যামসন।

২০ রান করে বোল্যান্ডের বলে স্যামসন আউট হলে দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান জেপি ডুমিনি। কিন্তু করুন নায়ার ৩২ রান করে ফিরে গেলে আবারো বিপদে পড়ে দিল্লি।

স্যাম বিলিংসকে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে ৪৫ রান করে দিল্লিকে ম্যাচে ফিরিয়ে আনেন ডুমিনি। বিলিংস ২৪ এবং ডুমিনি ৩৪ রান করে আউট হলে শঙ্কায় পড়ে যায় দিল্লি।

কিন্তু শেষের দিকে কার্লস ব্রাথওয়েটের ঝড়ো ৮ বলে ২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের লড়াকু সংগ্রহ পায় দিল্লি। পুনের হয়ে ভাটিয়া এবং বোল্যান্ড দুইটি করে উইকেট পান।

১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা দারুণ করে পুনে। ৮.২ ওভারের ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। ৩০ রান করে উসমান খাজা আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রাখেন রাহানে। সৌরভ তিওয়ারি ২১ ও ধোনি ২৭ রান করে আউট হলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহানে। ৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন থিসারা পেরেরা।

/এমআর/