বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি!

09Mustafizur-Rahmanপাকিস্তান সুপার লিগে দল পেয়েও ইনজুরির কারণে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। বর্তমানে মাতাচ্ছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ইতে‌‌‌ামধ্যে কাউন্টি ক্রিকেটে সাসেক্স দলে টেনেছে তাকে।

এবার অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে তাকে নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। ক্রিকেট অস্ট্রেলিয়ার ( ক্রিকেট.কম.এইউ) খবর, বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে দলে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তিন দল – মেলবোর্ন রেনেগেডজ, সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্স।

ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিগ ব্যাশের ষষ্ঠ আসরের সূচি এখনও চূড়ান্ত না হলেও এরই মধ্যে দলগুলো নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করেছে। আটটা দলের মধ্যে কেবল মেলবোর্ন স্টারস দু’জন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে।

বাকি সাত দলের কমপক্ষে একজন করে বিদেশি খেলোয়াড় এখনও দরকার। আর সেদিক থেকে কাটার মাস্টার মুস্তাফিজকে পাওয়ার দৌঁড়ে এখন অবধি সবচেয়ে এগিয়ে আছে মেলবোর্ন রেনেগেডজ। কারণ, এই দলের পরিচালক হিসেবে কাজ করছেন আইপিএল-এ মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দারাবাদের কোচ টম মুডি।

এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। সাকিব বিগ ব্যাশের দ্বিতীয় ও চতুর্থ আসরে যথাক্রমে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডজের হয়ে।

/এমআর/