রূপগঞ্জের কাছে আবাহনীর হার

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচের দ্বিতীয় ইনিংসের শেষ দিকে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচটি ডি/এল পদ্ধতিতে মীমাংসিত হয়। ম্যাচটি রূপগঞ্জ জিতে নেয় ২১ রানে। বৃষ্টি আইনে ৪৬.৪ ওভারে রূপগঞ্জের করার কথা ২২৫ রান। কিন্তু রূপগঞ্জ সংগ্রহ করে ২৪৫ রান।
সোমবার টসে হেরে আগে ব্যাটিং করা আবাহনী ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে। তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত ও নাজমুল হোসেন শান্ত তিনজনই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। তাদের ব্যাটেই আবাহনী লড়াইয়ের পুঁজি পায়। আবাহনীর ওপেনিং জুটি ভাঙেন মোশাররফ হোসেন। লিটন কুমার দাসকে (১৯) রানে ক্লিন বোল্ড করেন মোশাররফ রুবেল। বিদেশি ক্রিকেটার বিসলা (২৭) রানে ফিরে গেলে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। বিসলার বিদায়ের আগে ড্যাশিং ওপেনার তামিম ইকবালও ফিরে যান সাজঘরে। তার আগে অবশ্য চলতি আসরের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। সোমবার মিরপুরে ৬৪ বল খেলে ৫৪ রানের ইনিংস খেলেন ৭ চার ও এক ছয়ে।

দুই তরুণ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন সৈকত ১২৫ রানের জুটি গড়েন। শান্ত ৮২ বলে ৭২ রানের ইনিংস খেলেন। এছাড়া সৈকত ৬৭ রান করে অপরাজিত থাকেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন আবু হায়দার রনি। তিনি ৭ ওভার বল করে ৪৮ রান খরচায় উইকেটগুলো নেন। এছাড়া তাইজুল ইসলাম দুটি ও মোশাররফ হোসেন রুবেল একটি উইকেট নিয়েছেন।

২৫৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ শুরুতেই হোঁচট খায়। রূপগঞ্জের ওপেনার জুনায়েদ সিদ্দিককে ব্যক্তিগত ৫ রানে তাসকিন আহমেদ সাজঘরের পথ দেখান। এরপর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার দ্বিতীয় উইকেট জুটিতে ১২৭ রান করেন। মিঠুন ৭৫ রান করে আউট হন। ততক্ষণে সেঞ্চুরির খুব কাছে সৌম্য। কিন্তু ১৬ রান দূরে থাকতে সাকলাইন সজিবের বলে এলবিডব্লিউর শিকার হন সৌম্য। মিঠুন ও সৌম্যর ইনিংসের ওপর ভর করে জয়ের দিকেই এগুচ্ছিলো তারা। 

কিন্তু ৪৬.৪ ওভারের পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। ওই সময় জয়ের জন্য রূপগঞ্জের প্রয়োজন ২০ বলে ১১ রান। হাতে ছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত ডি/এল মেথডে ম্যাচটি জিতে নেয় রূপগঞ্জ।

আবাহনীর বোলারদের মধ্যে সাকলাইন সজিব দুটি এবং নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/