মার্শাল-রিয়াদের সেঞ্চুরিতে শেখ জামালের জয়

ঢাকা প্রিমিয়ার লিগমাহমুদউল্লাহ রিয়াদ ও মার্শাল আইয়্যুবের সেঞ্চুরিতে শেখ জামাল চলতি লিগের তৃতীয় জয়ের দেখা পেয়েছে। মঙ্গলবার বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৯০ রানে হারিয়েছে শেখ জামাল ধানমণ্ডি।

টস হেরে আগে ব্যাটিং নেওয়া শেখ জামাল শুরুতেই বিপদে পড়ে। ৩৪ রানে দুই উইকেট পড়ে গেলে অপেক্ষাকৃত দুর্বল সিসিএস-এর বিপক্ষে ভড়াডুবি হওয়ার শঙ্কা জাগে। কিন্তু মার্শাল আইয়্যুব ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করায় শেখ জামাল।

মার্শাল ও রিয়াদ মঙ্গলবার চলতি আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। মার্শাল ১১৫ বলে ১২ চারে সেঞ্চুরি ১০৩ রানের ইনিংস খেলেন। অন্যদিকে রিয়াদ লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ২০০তম ম্যাচে ১৩৯ বলে আট চার ও পাঁচ ছয়ে ১৩০ রানের ইনিংস খেলেন।

সিসিএস-এর বোলারদের মধ্যে মেহরাব হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নেন। সালেহ আহমেদ শাওন দুটি উইকেট নিয়েছেন।

২৯১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে সিসিএস। তরুণ দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ মিলে ৬০ রানের জুটি গড়েন। পিনাক ২৪ রানে বিদায়ের পর সাইফ হাসানও (৪৭) রান আউট হয়ে ক্রিজ ছাড়েন। এরপর অধিনায়ক রাজিন সালেহের একার যুদ্ধটাও কাজে লাগেনি। তিনি ৫১ রান করে সোহাগ গাজীর শিকারে পরিণত হন। শেষ পর্যন্ত ৪৮.৩ ওভারে ২০০ রানে অলআউট হয় সিসিএস।

শেখ জামালের বোলারদের মধ্যে শফিউল ইসলাম, মুক্তার আলী ও জীবন মেন্ডিস ২টি করে উইকেট নিয়েছেন। এছাড়া সোহাগ গাজী ও মার্শাল আইয়্যুব প্রত্যেকে একটি করে উইকেট নেন।

/আরআই/এমআর/