আইসিসির চেয়ারম্যান হলেন মনোহর

শশাঙ্ক মনোহর।আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর প্রথম স্বাধীন চেয়ারম্যান হলেন শশাঙ্ক মনোহর। কোনও ধরনের আপত্তি ছাড়াই সকলের সম্মতিতে মনোহরকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
এর আগে সপ্তাহের শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ান মনোহর। এছাড়া আইসিসি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেন। আইসিসি’র নিয়মানুযায়ী কোনও স্বাধীন চেয়ারম্যান ক্রিকেট প্রধান হিসেবে দুটি পদে থাকতে পারবেন না।
গত এপ্রিলে আইসিসি’র বোর্ড সভায় প্রস্তাবের ভিত্তিতে স্বাধীন চেয়ারম্যান নির্বাচনের অনুমোদন দেয় আইসিসির পূর্ণাঙ্গ কাউন্সিল।
৫৮ বছর বয়সী মনোহর এর আগে ২০০৮-২০১১ সাল পর্যন্ত বিসিসিআই’র সভাপতি ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে জগমোহন ডালমিয়ার মৃত্যুর পরে দ্বিতীয়বারের মত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পান তিনি।
বিবৃতিতে মনোহর বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হওয়াটা অবশ্যই সম্মানের। আমি আইসিসির সব পরিচালকদের ধন্যবাদ জানাই। যারা আমাকে তাদের বিশ্বাস ও আস্থার যোগ্য মনে করেছেন।’

জানা গেছে, স্বাধীন চেয়ারম্যানের পদের জন্য মনোহরই একমাত্র প্রার্থী ছিলেন। চেয়ারম্যানের পদটি এখন থেকে সম্মানীয় পদ হিসেবে পরিচালিত হবে।

/এফআইআর/