আইসিসির ক্রিকেট কমিটিতে দ্রাবিড় ও জয়াবর্ধনে

জয়াবর্ধনে ও দ্রাবিড়।সাবেক দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও মাহেলা জয়াবর্ধনেকে ক্রিকেট কমিটিতে স্থান দিয়েছে আইসিসি। ক্রিকেট বিষয়ক জ্ঞানকে আরও পূর্ণতা দিতেই তাদের যুক্ত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৩ বছরের জন্য গঠিত ক্রিকেট কমিটির নাম ঘোষণা করে আইসিসি।
এরমধ্য দিয়ে আইসিসির হয়ে আগামী ৩১ মে লর্ডসে সভায় যোগ দেবেন এই দুজন। এছাড়া টানা দ্বিতীয় মেয়াদে এই কমিটির চেয়ারম্যান থাকছেন ভারতের কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে।
মূলত আইসিসি ক্রিকেট কমিটিতে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন দ্রাবিড়। একই কোটায় নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান অফ স্পিনার ও আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফিকার সাবেক প্রধান নির্বাহী টিম মে। ১০ টেস্ট খেলুড়ে দেশের অধিনায়কদের ভোটে নির্বাচিত হয়েছেন এই দুজন। আর জয়াবর্ধনে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে।
দ্রাবিড় ও টিম মে স্থলাভিষিক্ত হয়েছেন কুমার সাঙ্গাকারা ও লক্ষ্মণ শিবারামাকৃষ্ণানের। আর জয়াবর্ধনে এসেছেন সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মার্ক টেলরের জায়গায়।
এছাড়া আম্পায়ারদের প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন তিনবারের আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো।
উল্লেখ্য, আধুনিক ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিদের নিয়েই গঠন করা হয় আইসিসির ক্রিকেট কমিটি। ক্রিকেটের সবদিক নিয়ে আইসিসি প্রধান নির্বাহীদের কমিটিকে সুপারিশ করে থাকে এই কমিটি।
/এফআইআর/