যদিও রুবেল তার স্ত্রীকে এখনো উঠিয়ে আনেনি বলে জানিয়েছেন। রুবেলের স্ত্রী দোলা তার মায়ের বাসাতেই এখন থাকেন। চলতি বছর সুবিধাজনক সময় রুবেল বড় অনুষ্ঠানের মাধ্যমে তার স্ত্রীকে উঠিয়ে আনবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন।
রবিবার সকালে বাংলা ট্রিবিউনের সঙ্গে বিয়ে পরবর্তী বর্তমান জীবন যাপন নিয়ে কথা বলেন রুবেল হোসেন। তারই চুম্বক অংশ পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বাংলা ট্রিবিউন : বিয়েটা কবে হলো?
রুবেল : জানুয়ারিতে বিয়ে করেছি।
বাংলা ট্রিবিউন : সবার অগোচরে বিয়ে করার কারণ কী ছিল?
রুবেল : আমার আব্বা ওই সময়টাতে বেশ অসুস্থ ছিলেন। এজন্য আব্বা তার ছেলের বউকে দেখতে চেয়েছিলেন। এই কারণে তাড়াহুড়ো করে বিয়ে করা। ওই সময় কাছের কিছু বন্ধু-বান্ধব আর আত্মীয়-স্বজনকে নিয়েই তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে যায়। আসলে তখন শুধু কাবিন হয়েছিল। তবে শীঘ্রই আমার বিবাহত্তোর সংবর্ধনার আয়োজন করা হবে।
বাংলা ট্রিবিউন : কবে নাগাদ বিবাহত্তোর সংবর্ধনা হতে পারে?
রুবেল : খুব দ্রুতই হবে আশা করি। এর মধ্যে আমার খেলার গ্যাপ বের করে একটা দিন তারিখ নির্ধারণ করবো। এসব কিছুই আপনাদের জানানো হবে। ইনজুরি থেকে ফিরে আমি ছন্দে ফিরেছি। আপতত এই দিকেই আমার মনোযোগ। তবে এই বছরের মধ্যেই অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যাবে।
বাংলা ট্রিবিউন : দাম্পত্য জীবন কেমন কাটছে?
রুবেল: খুব ভালো কাটছে। বিয়ে মানুষের চিন্তা-ভাবনাগুলো পরিবর্তন করে। আমি খুব সুখে আছি।
বাংলা ট্রিবিউন: নিজের জীবনে এমন কোনও পরিবর্তন এসেছে, যাতে আপনি উপকৃত হচ্ছেন?
রুবেল : অবশ্যই। বেশ কিছু পরিবর্তনতো হয়েছেই। কারণ এখন আমি বিবাহিত। আমাকে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আগে হয়তো এগুলো মাথায় ছিল না। এখন বিয়ে করার পর চিন্তা ভাবনাগুলো সব পরিবার কেন্দ্রিক হয়েছে।
বাংলা ট্রিবিউন : নিজের মধ্যে আর কী কী পরিবর্তন খুঁজে পেয়েছেন?
রুবেল : খেলার প্রতি আমার আবেগ এবং অনুভূতি যতটুকুই ছিল তার চেয়ে এখন আরও বেশি বেড়েছে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। অর্থ উপার্জন থেকে শুরু করে সবকিছুই আমার এর মাধ্যমে করতে হবে। তাই এখন আমি আগের চেয়েও বেশি সিরিয়াস হয়েছি এই খেলার ব্যাপারে। এছাড়া খাওয়া-দাওয়াটা রুটিন মাফিক করি। আগে একটু অগোছালো ছিলাম।
বাংলা ট্রিবিউন : আপনি আগের থেকেই আড্ডাবাজ প্রকৃতির; বিয়ের পর কি এইসবের পরিবর্তন হয়েছে?
রুবেল: না, তেমন কোনও বাধা পাইনি এখনো। আড্ডাতো আগেও দিতাম, এখনো দেই। এই অভ্যাসটি এখনো আছে।
বাংলা ট্রিবিউন : আপনার স্ত্রী দোলা কি ক্রিকেট পছন্দ করেন?
রুবেল : হ্যাঁ, খুব পছন্দ করে। ক্রিকেটারের বউ ক্রিকেটতো পছন্দ করবেই(হাসি)।
বাংলা ট্রিবিউন : এবার ক্রিকেট নিয়ে কথা বলা যাক…
রুবেল : ক্রিকেট নিয়ে কথা বলতেই ভালো লাগে। শুধু শুধু এইসব আলোচনা কেনও আনেন (হাসি)
বাংলা ট্রিবিউন : ইনজুরি থেকে ফিরে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত যা পারফরম্যান্স; তাতে কি আপনি সন্তুষ্ট?
রুবেল : আমার মনে হয় সবকিছুই ঠিক আছে। ৭ ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটাতেই আমি ১০ ওভারে ৬৫ রান দিয়েছিলাম। তাছাড়া প্রত্যেক ম্যাচেই আমি ভালো বোলিং করেছি। এই অবস্থায় আমার বোলিং নিয়ে সন্তুষ্ট। আগের মতো পুরনো রিদম ফিরে পেয়েছি।
বাংলা ট্রিবিউন : ‘বাটারফ্লাই’ ব্যবহারে কতটুকু সফল ছিলেন?
রুবেল : সেভাবে অস্ত্রটা ব্যবহার করা হয়নি। সবাই যেমন ভাবছে অস্ত্রটা আসলে তেমন কিছুই না। জাস্ট বলটা পড়ে একটু স্লো হয়ে যাবে। আপাতত আমি আমার ইয়র্কার, বাউন্সার এগুলো নিয়ে বেশি কাজ করছি।
/এফআইআর/