এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থান দখল করে প্লে-অফে উঠেছে বেঙ্গালুরু। এক নম্বরে রয়েছে গুজরাট লায়ন্স। তিন নম্বরে মুস্তাফিজের হায়দরাবাদ। চার নম্বরে সাকিবের কলকাতা।
রবিবার রাতের ম্যাচে আগে ব্যাট করে দিল্লি ডেয়ারডেভিলস ৮ উইকেটে ১৩৮ রান করে। এমন ম্যাচে কুইন্টন ডি কক বাদে দিল্লির টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ। তরুণ রিশাব পান্ত দ্বিতীয় ওভারেই নেই। ১১ রানে ফিরে যান করুণ নায়ার। সঞ্জু স্যামসনও ফিরে যান ১৭ রান করে। একপ্রান্ত আগলে রাখেন ডি কক। তিনি ৫২ বলে ৬০ রান করে ফিরে গেলে দিল্লির বড় পুঁজির আশা ফিকে হয়ে যায়। আট নম্বরে নেমে ক্রিস মরিস ১৮ বলে অপরাজিত ২৭ রান করেন। শেষ পর্যন্ত দিল্লির সংগ্রহ দাঁড়ায় ১৩৮। ৩২ রানে ৩ উইকেট নেন চাহাল। ক্রিস গেইল নেন ২ উইকেট।
জবাবে দলীয় ১৭ রানে ফিরে যান ক্রিস গেইল ও ডি ভিলিয়ার্স। এরপর লোকেশ রাহুলকে নিয়ে জুটি গড়েন বিরাট কোহলি। ২৩ বলে ৩৮ রান করে ব্রাথওয়েটের বলে সাজঘরে ফেরেন রাহুল। তবে আউট হওয়ার আগে কোহলির সঙ্গে ৭.৩ ওভারে ৬৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি।
এরপর ক্রিজে আসেন শেন ওয়াটসন। ১৮ বলে মাত্র ১৪ রান করে ফিরে যান এই অসি অলরাউন্ডার। ততক্ষণে ৩০ বলে মাত্র ২৮ রান প্রয়োজন বেঙ্গালুরুর। স্টুয়ার্ট বিনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান কোহলি। ৪৫ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
/এমআর/