ওয়ার্নারের ব্যাটে আইপিএল-এর ফাইনালে মুস্তাফিজবিহীন সানরাইজার্স

ওয়ার্নারের ব্যাটে আইপিএল-এর ফাইনালে মুস্তাফিজবিহীন সানরাইজার্সঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ব্যাটিংয়ে গুজরাট লায়ন্সকে হারিয়ে আইপিএল-এর ফাইনালে উঠলো মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি মুস্তাফিজ। আগামী ২৯ তারিখে বেঙ্গালুরুর বিপক্ষে ফাইনাল খেলবে মুস্তাফিজের দল। মুস্তাফিজ সেদিন খেলতে পারবেন কিনা তা এখনও জানা যায়নি।

গুজরাটের দেওয়া ১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে শেষ দুই ওভারে সানরাইজার্সের প্রয়োজন দাঁড়ায় ২৪ রান। হাতে ৪ উইকেট। ক্রিজে ছিলেন ওয়ার্নার ও বিপুল শর্মা। ১৯তম ওভারে বল করতে আসেন ডুয়াইন ব্রাভো। প্রথম বলে চার মারেন ওয়ার্নার। পরের দুই বলে দুটি ডাবল নেন তিনি। চতুর্থ বলে ফের চার। পরের বলে সিঙ্গেল। শেষ বলে ছক্কা হাঁকান বিপুল শর্মা। ওই ওভারে আসে ১৯ রান।

শেষ ওভারে সানরাইজার্সের প্রয়োজন দাঁড়ায় মাত্র ৫ রান। প্রবীন কুমারের করা শেষ ওভারের প্রথম বলে চার ও পরের বলে ১ রান নিয়ে দলকে ফাইনালে তুলেন ওয়ার্নার। এদিন ৫৮ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেছেন তিনি। দারুণ এ ইনিংস খেলার পথে ১১টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।

টসে হেরে প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই দিভেদিকে হারায় গুজরাট। ট্রেন্ট বোল্টের বলে ১ রান করে সুরেশ রায়নাও ফিরে যান। কিন্তু দীনেশ কার্তিককে সঙ্গে নিয়ে সাময়িক বিপর্যয় সামাল দেন ব্রেন্ডন ম্যাককালাম। তৃতীয় উইকেট জুটিতে ওঠে ৪৪ রান। ব্যক্তিগত ৩২ রান করে বিপুল শর্মার বলে আউট হন ম্যাককালাম।

দীনেশ কার্তিকও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৬ রান করেই বোল্টের থ্রোতে রান আউট হন তিনি। এরপর গুজরাটের ইনিংসের পুরোটা জুড়েই ছিলেন অ্যারন ফিঞ্চ। ৩১ বলে ৭টি চার এবং ২টি ছয়ে অর্ধশতক পূর্ণ করেই বেন কাটিংয়ের বলে আউট হন ফিঞ্চ। শেষের দিকে জাদেজার দ্রুত ১৯ এবং ব্রাভোর ২০ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট ১৬২ রান করে গুজরাট।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মুস্তাফিজকে একাদশের বাইরে রাখা হয়। এদিন তার বদলি হিসেবে নামেন ট্রেন্ট বোল্ট। তবে প্রথমবারের মতো সুযোগ পেয়ে তেমন একটা সুবিধা করতে পারেননি বোল্ট। সানরাইজার্সের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে বাজে ইকোনোমি রেট তার। ওভার প্রতি দিয়েছেন ৯.৭৫ রান। উইকেট নিয়েছেন একটি। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২৭ রান দিয়ে দুটি উইকেট নিয়েছে। ৩ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বেন কাটিং। ৩ ওভারে ২৮ রান দিয়েছেন বরিন্দ্রর স্রান।

১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি সানরাইজার্সের। মাত্র ৬ রানে ফিরেন যান শিখর ধাওয়ান (০)। দলীয় ৩৩ রানে সাজঘরে ফেরেন ময়েষ হেনরিকস (১১)। দলীয় ৬১ রানে আউট হন যুবরাজ সিং (৮)। সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন দীপক হুদা ও বেন কাটিংও।

তবে একপ্রান্ত আগলে রাখেন ডেভিড ওয়ার্নার। ৫৮ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেন তিনি। শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৭ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন বিপুল শর্মা।

/এমআর/