'ফাঁদ' পেতে সফল মোসাদ্দেক

Bksp 06প্রাইম দোলেশ্বরের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য আবাহনীর প্রয়োজন ছিল ১১ রান। ক্রিজে থাকা মোসাদ্দেক তখন অভিনব এক কৌশল অবলম্বন করলেন। হেলমেট খুলে পাঠিয়ে দিলেন ড্রেসিংরুমে! অথচ বোলার হিসেবে বিপরীত প্রান্তে তখন মিডিয়াম পেসার ফরহাদ রেজা! তার শেষ ওভারে এক ছয় এবং এক চারে ৩ উইকেটে ম্যাচ জিতে আবাহনী।

ম্যাচ শেষে হেলমেট খুলে পেস আক্রমণের বিপক্ষে খেলার কারণ ব্যাখা করতে গিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত জানান, ‘আমি একটি কৌশল অবলম্বন করার চেষ্টা করেছি এবং সফলও হয়েছি। আমার লক্ষ্য ছিলো ওকে (ফরহাদ রেজা) শর্ট বল করতে প্রলুব্ধ করা। হেলমেট থাকলে রেজা ভাই হয়তো চিন্তা করবে ইয়র্কার মারার। কিন্তু ওই সময়ে ইয়র্কার খেলা খুব কঠিন। এজন্য আমি হেলমেট খুলে ফেলেছিলাম। ভেবেছি ওই জেদে সে হয়তো আমাকে বাউন্সার মারবে।’

গুরুত্বপূর্ণ একটি ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৩৫ বল খেলে অপরাজিত ৫৭ রান করে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও। তরুণ এই অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিংয়ে নামার আগে আমি ভেবেছিলাম, এই ম্যাচ যদি কেউ শেষ করতে না পারে। তাহলে আমিই দায়িত্ব নিয়ে শেষ করবো। চ্যালেঞ্জ নিয়ে আমি জয়ী হয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘নামার আগে হিসেব করেছি কম বলে বেশি রান করতে হবে। মানসিক প্রস্তুতিটা সেভাবেই নিয়ে ক্রিজে নেমেছি। চিন্তা করেছি, আমাকে ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। বিশ্বাস রেখেছি শেষ পর্যন্ত খেললে হয়তো ম্যাচটা আমরা জিতবো।’

/আরআই/এমআর/