প্রাইম ব্যাংকের সহজ জয়

মিরপুরে শনিবার কলাবাগান ক্রিকেট একাডেমি ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে নিষ্পত্তি হয়নি। বাধ্য হয়েই ম্যাচটি গড়ায় রবিবারের রিজার্ভ ডে-তে। আর ওই ম্যাচটিতেই ৮ উইকেটের সহজ জয় পেয়েছে প্রাইম ব্যাংক।
টস জিতে প্রথমে কলাবাগানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় প্রাইম ব্যাংক অধিনায়ক শুভাগত হোম। আগে ব্যাটিং করে নির্ধারিত ২১ ওভারে (কার্টেল ওভার) ৮৯ রান তুলতেই অলআউট হয়ে যায় কলাবাগান ক্রিকেট একাডেমি। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মেহেদী হাসান মিরাজ(১৯)।
এরপর বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংস শনিবার শুরু করা সম্ভব হয়নি। রবিবার সকালে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১০.৩ বলে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
যদিও শুরুতেই সাজঘরে ফিরে যান প্রাইম ব্যাংকের ওপেনার মেহেদী মারুফ (৫) রানে। এরপর তিন নম্বরে নামা সাব্বির কলাবাগানের বোলারদের ওপর প্রভাব বিস্তার করতে থাকেন।

দ্বিতীয় উইকেটে শাহনাজ আহমেদ ও সাব্বির রহমান মিলে ৩০ রানের জুটি গড়েন। শাহনাজ ব্যক্তিগত ২২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

পরবর্তীতে নুরুল হাসান সোহান ও সাব্বির রহমান মিলে দলকে সহজেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। সাব্বির  ২৯ বলে ৫ চার ও ১ ছয়ের সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে নুরুল হাসান ১৭ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।

কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে আবু জায়েদ ও মিরাজ একটি করে উইকেট নেন।

/আরআই/এফআইআর/