আবাহনীর টানা তৃতীয় জয়

সুপার সিক্স নিশ্চিত করলো আবাহনীওয়ালটন প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে সুপার লিগের পথে আরও এগিয়ে গেলো আবাহনী। বুধবার তামিম ইকবালের দল প্রাইম ব্যাংককে ৫ উইকেটে হারিয়েছে। এই নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে আবাহনী।

বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে প্রাইম ব্যাংক নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নুরুল হাসান। তিনি ৫৪ বলে ৬ চারে তার ৪৬ রানের ইনিংসটি সাজিয়েছেন। এছাড়া তাইবুর রহমান ৪৩ ও শুভাগত হোম ২৯ রানের ইনিংস খেলেন।

প্রাইম ব্যাংকের ইনিংসটা আরও লম্বা হতে পারতো। কিন্তু দুই মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান ও বিদেশি ক্রিকেটার উন্মক্ত চাঁদ রান করতে ব্যর্থ হওয়ার বড় স্কোর গড়া সম্ভব হয়নি। আবাহনীর বোলারদের মধ্যে সাকিব আল হাসান সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন। এছাড়া সাকলাইন সজিব নিয়েছেন ৩টি উইকেট।

২৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে আবাহনী। যদিও ৫৬ রানে ওপেনিং দুই ব্যাটসম্যান তামিম ইকবাল (৪০) ও অভিষেক মিত্র (১২) জুটি ভেঙ্গে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলো প্রাইম ব্যাংক। তবে তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের ৯৪ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে উঠে আবাহনী।

তবে ৬ রানের মধ্যে নাজমুল হোসেন শান্ত (৩২), সাকিব আল হাসান (৩) ও ইউসুফ পাঠান ফিরে গেলে কিছুটা ব্যাকফুটে পড়ে আবাহনী। আউট হওয়ার আগে ৪৭ বলে ৬০ রান করেন ইউসুফ। তার ঝড়ো ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৭টি চারের মার। দ্রুত তিন উইকেট হারালেও দলকে জয়ের বন্দরে নিয়ে যান মোসদ্দেক হোসেন সৈকত ও লিটন কুমার দাস। এই ম্যাচে ৭ নম্বরে ব্যাটিংয়ে নামের লিটন কুমার। এদিন অবশ্য ২৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তরুণ এই উইকেট কিপার ব্যাটসম্যান। অন্য দিকে আগের ম্যাচের মতো এই ম্যাচেও ৬৪ রানের দূর্দান্ত ইনিংস খেলে ম্যাচ জেতান মোসাদ্দেক। তিনি ৪৯ বলে ৪ চার ও ৪ ছয়ে নিজের ইনিংসকে সাজিয়েছেন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন শুভাগত হোম। এছাড়া নাজমুল ইসলাম নিয়েছেন দুটি উইকেট।

/আরআই/এমআর/