জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, 'মুস্তাফিজ আমাদের গর্ব, মুস্তাফিজ আমাদের অহংকার। এই অঞ্চলে ক্রীড়া কমপ্লেক্স তৈরি করার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা হলে এ অঞ্চল থেকে সৌম্য-মুস্তাফিজের মতো আরও খেলোয়াড় উঠে আসবে।'
একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাটার মাস্টার মুস্তাফিজের হাতে একটি ক্রেস্ট তুলে দেন তিনি। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মুস্তাফিজকে এক লক্ষ টাকার সম্মাননা স্মারকের একটি চেক ও তার পিতা আবুল কাশেম গাজীর হাতে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুণ কুমার মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাইনুল হাসান, এনডিসি সুফিয়া আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমানের কোচ মোফাচ্ছেনুল ইসলাম তপু ও আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে আইপিএল জয়ী মুস্তাফিজকে এক নজর দেখতে ও কথা বলতে কলকতা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুস্তাফিজ ভক্তরা ভিড় করছেন। এ সময় তাদের সঙ্গে মুস্তাফিজ শুভেচ্ছা বিনিময় করেন। এমনকি ভক্তরা তার ছবি এবং সেলফি তুলেছেন।
/এমআর/