টেস্ট ক্রিকেটের পিচ নিয়ে উদ্বিগ্ন আইসিসি

লন্ডনে দুই দিনের সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট কমিটি। আর সেখানে টেস্ট ক্রিকেটে হোম দলগুলোর পিচগুলোতে বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টিতে আপত্তি জানিয়েছে এই কমিটি। মূলত বাড়তি সুবিধা পেতে গিয়ে পিচের অবস্থা মানসম্মত থাকে না বলেই এ নিয়ে ভাবছে ক্রিকেট কমিটি।
এই ক্রিকেট কমিটির নানা পর্যবেক্ষণের ওপর নির্ভর করেই বিভিন্ন নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিয়ে থাকে আইসিসি। এ প্রসঙ্গে ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে বলেন, ‘সভায় টেস্ট ক্রিকেট নিয়েই আলোচনা করা হয়েছে। বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে করা নতুন কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। এবার এই আলোচনাগুলো আইসিসির বোর্ড সভায় তুলে ধরা হবে।’
এছাড়া এই সভায় ক্রিকেটের জন্য নির্মাণ করা ব্যাটের মাপ নিয়েও আলোচনা করা হয়েছে। সেখানে এর মাপ নির্ধারণ করে দেওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। যাতে করে ব্যাট ও বলের ভারসাম্য বজায় থাকে সেদিকেই লক্ষ্য রাখছে এই কমিটি। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চিত হয় এমন হেলমেট আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহারে বাধ্যতামূলক করারও সুপারিশ করেছে এই কমিটি।

/এফআইআর/