এছাড়া রূপগঞ্জ ও ভিক্টোরিয়া জিতলে সুপার সিক্সের পথে কিছুটা এগিয়ে থাকবে। ভিক্টোরিয়া এবং রূপগঞ্জ হেরে গেলে শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের জন্য সুপার সিক্স টপকানো সহজ হয়ে যাবে। সবমিলিয়ে শনিবার দশম রাউন্ডের শেষ দিনে তিনটি ভেন্যুতে জমজমাট লড়াই হচ্ছে। প্রতিটি ম্যাচেই একেকটি দলের ভাগ্য নির্ধারণ হবে। শুধু তাই নয়, অন্যদলগুলোর চোখও থাকবে এই তিনটি ম্যাচের দিকে।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে মাশরাফির কলাবাগান ক্রিকেট একাডেমি ও মুশফিকের মোহামেডান স্পোর্টিং ক্লাব। যদিও মুশফিকের দল এরই মধ্যে সুপার সিক্সে একটি পা দিয়ে রেখেছে। শনিবার জিতলেই দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করবে মুশফিকের মোহামেডান। ৯ ম্যাচে ৬টিতে জিতে তাদের পয়েন্ট সংখ্যা ১২।
অন্যদিকে মাশরাফির দল সমান সংখ্যক ম্যাচ খেলে সংগ্রহ করছে ৮ পয়েন্ট। তাদেরকে সুপার সিক্সে যেতে হলে বাকি দুটি ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি ভাগ্যের সহায়তাও নিতে হবে। এক কথায় নানা সমীকরণের মধ্য দিয়ে মাশরাফির কলাবাগানকে সুপার সিক্সে উন্নীত হতে হবে।
তবে এর আগে শনিবার শক্তিশালী মোহামেডানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে মাশরাফিদের। ঐতিহ্যবাহী দলটির ব্যাটিং-বোলিং শক্তি মধ্যম মানের হলেও কলাবাগানের ব্যাটিং লাইনআপ মেরুদণ্ডহীন! তাই বল হাতে মাশরাফিকে ভালো নেতৃত্ব দিতে হবে।
এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভিক্টোরিয়া ও ব্রাদার্স ইউনিয়ন। ভিক্টোরিয়ার জন্য ম্যাচটি বাঁচা মরার লড়াই। ভিক্টোরিয়ার আছে কামরুল ইসলাম রাব্বি, মমিনুল হক সৌরভ ও আল আমিন জুনিয়রের মতো দারুণ কিছু ক্রিকেটার। সেই সঙ্গে বল হাতে দারুণ কার্যকরী শ্রীলঙ্কান ক্রিকেটার চাতুরাঙ্গা ডি সিলভাতো রয়েছেনই।
ব্রাদার্সের দলটিও খুব একটা খারাপ নয়। ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিস, তুষার ইমরান ও মোহাম্মদ শহীদের মতো খেলোয়াড়দের সমন্বয়ে দারুণ একটি দল ব্রাদার্স। ৯ ম্যাচের মধ্যে ৫টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে কোণঠাসা অবস্থায় রয়েছে তারা। সুপার সিক্সে জেতে দলে বাকি দুটি ম্যাচ জয়ের পাশাপাশি ভাগ্যদেবীর সহায়তা লাগবে ব্রাদার্সের। অন্যদিকে ভিক্টোরিয়া বড় ব্যবধানে জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সুপার সিক্স!
দিনের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপির তিন নম্বর মাঠে। লিজেন্ডস অব রূপগঞ্জ মুখোমুখি হবে শেখ জামালের বিপক্ষে। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নেওয়া রুপগঞ্জের সামনে সুপার সিক্সে যাওয়ার হাতছানি। শেখ জামালের বিপক্ষে ম্যাচটি জিতলেই ভিক্টোরিয়ার মতোই অনেকটা এগিয়ে থাকতে পারবে তারা।
অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নেওয়া শেখ জামালকে জিততেই হবে। এরপর ৮ জুন ১১তম রাউন্ডের ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে শেখ জামালের সুপার সিক্স।
/আরআই/এফআইআর/