রবিবার অনুশীলন শেষে প্রাইম দোলেশ্বরের পেসার আল আমিন হোসেন সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন। তিনি বলেন, ‘চাপমুক্ত হওয়ার কিছু নেই। এটা আসলে স্ট্রেট লিগ; তাই সবগুলো ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা যদি কালকের (সোমবার) ম্যাচটা জিতি, তাহলে সুপার লিগে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে।’
প্রাইম ব্যাংক বাঁচা মরার লড়াই বলে জিততেই চাইবে। আপনাদেরও আশা আপনারা জিততে পারবেন। সেক্ষেত্রে আপনাদের শক্তির জায়গাটা কোথায়? এমন প্রশ্নে আল আমিন বলেন, ‘ব্যাটিং বোলিং বা ফিল্ডিং নির্দিষ্ট করে আমাদের কোনও শক্তির জায়গা নেই। সব বিভাগেই আমরা ফিফটি ফিফটি বলা যায়। আমরা তিন বিভাগেই শতভাগ দেওয়ার চেষ্টা করছি। আমরা শেষ ম্যাচগুলো যেভাবে খেলে এসেছি। সেভাবে খেলতে পারলে জয় সম্ভব।’
লিগে নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘লিগের প্রথমে খুব ভালো হচ্ছিল। শেষ ম্যাচটায় খুব বেশি ভালো করতে পারিনি। আরও একটু আত্মবিশ্বাস সহকারে বোলিং করতে পারলে; আমার মনে হয় আরও ভালো হবে।’
আবাহনীর সঙ্গে ম্যাচটায় রজত ভাটিয়ার স্টাম্প উপড়ে দিলেন। সব মিলিয়ে বোলিংয়ে কেমন রিদম পাচ্ছেন? উত্তরে আল আমিন বলেন, ‘ওই সময় উইকেটটা খুব ভাইটাল ছিল। তারপরও শেষের ওভারে ১০-১১ রান দিয়েছিলাম। ১০-১১ রান না দিয়ে ৪-৫ রান কম দিলে ভালো হতো। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এই পর্যায়ে ১০-১১ রান ভালো পারফরম্যান্স নয়!’
/আরআই/এফআইআর/