ইনজুরিতে ত্রিদেশীয় সিরিজ শেষ ওয়ার্নারের

13Warner-injuryওয়েস্ট ইন্ডিজের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। গত শনিবার সেন্ট কিটসে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের ম্যাচে ফিল্ডিং করার সময় আঙ্গুলে চোট পান এ তারকা ব্যাটসম্যান।

ওয়ার্নারের ইনজুরি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে কার্যত টপ অর্ডার ভোগাবে স্টিভেন স্মিথ বাহিনীকে। আর আগামী জুলাই থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন বাঁহাতি এ ব্যাটসম্যান অনিশ্চিত হয়ে গেলেন।

অস্ট্রেলিয়া দলের চিকিৎসক জিওফ্রি ভেরাল জানান, এক্স-রেতে ওয়ার্নারের তজর্নীতে চিড় ধরা পড়েছে। তার সেরে উঠতে দুই থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। আগামী মাসে শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের আগে ওয়ার্নারকে সম্পূর্ণ ‘ফিট’ দেখতে চান স্টিভেন স্মিথ।

চলতি সিরিজের ৩ ম্যাচে অসাধারণ পারর্ফম করেন ওয়ার্নার। আইপিএলের সফলতার পর এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি ও একটি অপরাজিত হাফসেঞ্চুরি এসেছিলো তার ব্যাট থেকে। ওয়ার্নারের জায়গায় অজি দলে কে খেলবেন তা এখনও ঠিক করা হয়নি। তবে প্রথম ২ ম্যাচে বাজে খেলা গ্লেন ম্যাক্সওয়েলকে আবার ফেরাতে পারে নির্বাচকরা।

/এমআর/