মঙ্গলবার মিরপুরের একাডেমিতে অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তরুণ এই পেসার। বুধবারের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের বিশেষ কোনও পরিকল্পনা নেই। তেমন পরিকল্পনা আসলে থাকেও না। আমরা সম্মিলিতভাবে ভালো খেলার চিন্তা করি। সবাই মাঠে শতভাগ দিয়ে খেলার চেষ্টা করি। ব্যাটসম্যানরা নিজের কাজ করছে; বোলাররাও তাদের কাজ করছে। আমরা বিশ্বাস করি মাঠে যার যা দায়িত্ব এগুলো ঠিকমতো পালন করতে পারলে যে কোনও দলের বিপক্ষেই আমরা ভালো করতে পারবো। কোনও ম্যাচ নিয়েই আমরা বাড়তি চাপ অনুভব করি না।’
১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিজেন্ডস অব রূপগঞ্জের জন্য সুযোগ থাকছে সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে যাওয়ার। বুধবার ভিক্টোরিয়াকে হারাতে পারলেই ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে উঠে যাবে তারা। এমন সমীকরণ সামনে রেখে কী ভাবছে ভিক্টোরিয়া জানতে চাইলে রাব্বি বলেন, ‘আগেও বলেছি, বাড়তি কিছু করছি না আমরা। রূপগঞ্জ খুব ভালো দল। আমরাও দল হিসেবে ভালো করছি। ওই দলের সঙ্গে সর্বশেষ ম্যাচটি আমাদের টাই হয়েছিলো। এটা চিন্তা করলে ওদের বিপক্ষে আমাদের জিততে হবে।'
নিজের লক্ষ্য নিয়ে রাব্বি বলেন, 'চেষ্টা করবো লিগের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হতে। যেভাবে ধারাবাহিক ভালো বোলিং করেছি, সেভাবেই করতে চাই। দলের জন্য কিছু করতে পারলে এমনিতেই নিজের জন্য সেটা কাজে লাগে।’
/আরআই/এমআর/