এখনও ফিট নন মুস্তাফিজ


519A6486চলতি মৌসুমের প্রিমিয়ার লিগে প্লেয়ার বাই চয়েজে মুস্তাফিজকে কিনে নিয়েছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। মঙ্গলবার মোহামেডানের ডেড়ায় প্রথমবারের মতো দেখা গেছে তাকে। যদিও বুধবার বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলার কোনও সম্ভাবনা নেই তার।
এদিন মুস্তাফিজকে দেখেই ক্যামেরার লেন্সগুলো মুহূর্তেই ঘুড়ে যায় মোহামেডানের তাঁবুতে গিয়ে বসা 'কাটার মাস্টার'-এর দিকে। সেখানে ক্লাব সতীর্থদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তরুণ এই বাঁহাতি পেসার।
এসময় মুস্তাফিজ নিজেই ট্রেড মার্ক দেওয়া হাসিতে জানলেন, ‘না। আমি ফিট হইনি। এমনিই অনুশীলন দেখতে এলাম। এখনই খেলার কোনও সম্ভাবনা নেই। আগামী শুক্রবার ৭ দিন শেষ হলে বোঝা যাবে কতটা উন্নতি হয়েছে।’
মোহামেডানের ম্যানেজার ওয়াসিম খানও জানালেন, ‘মুস্তাফিজ আগে  পুরোপুরি ফিট হোক। তারপর খেলানোর চিন্তা করবো।’
প্রসঙ্গত, আইপিএল থেকে ফিরেছেন ডান পায়ের হ্যামস্ট্রিং আর অ্যাঙ্কেলের সমস্যা নিয়ে। ওজন কমে যাওয়ায় বিসিবির চিকিৎসকরা চিন্তিত মুস্তাফিজের পুষ্টির দিকটি নিয়েও। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে চলমান পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ করছেন মুস্তাফিজ।

ফিজিও বায়েজিদ এ প্রসঙ্গে বলেন, ‘সব ঠিক থাকলে আগামী শনিবার মুস্তাফিজের কিছু ফিটনেস টেস্ট হবে। পরবর্তী করণীয় নির্ভর করবে তার ওপরই।’

উল্লেখ্য, শনিবারের রিপোর্টের উপরই মুস্তাফিজের সাসেক্স কিংবা মোহামেডানের হয়ে খেলা নির্ভর করছে!

/আরআই/এফআইআর/