প্রিমিয়ার লিগের প্রশংসায় পবন নেগি

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে ভারতীয় অনেক ক্রিকেটার খেলছে। গত দুই ম্যাচ ধরে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন গত আসরে দিল্লির হয়ে আইপিএল খেলা পবন নেগি। সর্বশেষ আসরে আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার।

বুধবার ভিক্টোরিয়ার বিপক্ষে জয় পেতে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেন নেগি। ম্যাচ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের প্রশংসাই করলেন ভারতের এই উদীয়মান ক্রিকেটার।

ম্যাচসেরার পুরস্কার হাতে পবন নেগি

তিনি বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ ভালো মানের। এখানে জাতীয় এবং আন্তর্জাতিক মানের অনেক ক্রিকেটার খেলছে। এছাড়া বেশ তরুণ কিছু খেলোয়াড় রয়েছে। এখানে আমার দারুণ সময় কাটছে।’

৮৩ রানে ৬ উইকেট হারোনোর পর অধিনায়ক মোশারফ রুবেলকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে ১৪৮ রানের জুটি গড়ে ২ উইকেটের জয় তুলে নিয়ে মাঠ ছাড়েন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ফলশ্রুতিতে ম্যাচ সেরার পুরস্কারও জুটেছে তার।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। কঠিন ওই পরিস্থিতি কিভাবে সামলালেন। নেগি বলেন, ‘ওই অবস্থায় আমি একদম চাপ নেইনি। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি। উইকেটও দারুণ ব্যাটিং সহায়ক ছিলো।’ কখনও কি মনে হয়ছিলো ম্যাচ হেরে যেতে পারেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘শেষ মুহূর্তের আমার মধ্যে আত্মবিশ্বাস ছিলো, ম্যাচটি আমরাই জিতবো।’

/আরআই/এমআর/