২০১৯ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন হাথুরুসিংহে

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মেয়াদ আগামী ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ দুপুরে বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুধু হাথুরুসিংহে নয় জাতীয় দলের কোচিং স্টাফদের মেয়াদও ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিক গতমাসেই পদত্যাগ করেছেন। এছাড়া সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাপন জানান, এ বছর ৬ নভেম্বর বিপিএল-এর চলতি আসর শুরু হবে।

এছাড়া সভায় চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে। জালাল ইউনুসকে প্রধান করে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি অনুমোদন দিয়েছে বিসিবি।

প্রিমিয়ার লিগে খেলা যেসব ক্লাব এখনও খেলোয়াড়দের ৬০ শতাংশ অর্থ পরিশোধ করেনি তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিসিবি। এছাড়া দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটিরও অনুমোদন দেওয়া হয়েছে আজকের বোর্ড সভায়।
/আরআই/এমআর/