বুধবার মিরপুরের উইকেটে তামিম ১১ চার ও ৪ ছয়ে তার ১৪২ রানের ইনিংসটি সাজিয়েছেন। যা এবারের লিগে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস! আগের সর্বোচ্চ ১৩৯ রান ছিল আবাহনীর হয়ে লিটন দাসের।
এই ইনিংসের পথে এবারের লিগের রান স্কোরারের তালিকাতেও শীর্ষে উঠে গেছেন তামিম। ১৬ ইনিংসে বাঁহাতি ওপেনারের রান ৭১৪। এটি এবারের লিগে তামিমের দ্বিতীয় সেঞ্চুরি। এছাড়া হাফসেঞ্চুরি রয়েছে ৪টি।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বুধবার শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাট করেছেন তামিম। শুরুটায় ছিলেন সাবধানী। হাফসেঞ্চুরি স্পর্শ করেছেন ৭০ বলে। হাফসেঞ্চুরি পাওয়ার পর রানের গতি বাড়ান তিনি। এবারের লিগে দ্বিতীয় ও লিস্ট ‘এ’ ক্রিকেটে দশম সেঞ্চুরি ছুঁয়েছেন ১১৪ বলে। সেঞ্চুরির পরে শুরু করেন বিস্ফোরক ব্যাটিং। ১৮ বলে ৪২ রান করেনে ড্যাশিং এই ওপেনার।
উন্মুক্ত চাঁদের বলে মারতে গিয়ে ধরা পড়েন মিড উইকেট সীমানায়। ১১টি চার ও ৪টি ছক্কায় ১৩২ বলে ১৪২ রানে সাজঘরে ফিরেন জাতীয় দলের এই ওপেনার।
উল্লেখ্য, তামিমের আগে এবারের লিগে ৭০০ স্পর্শ করা একমাত্র ব্যাটসম্যান ভিক্টোরিয়ার আব্দুল মাজিদ এদিন ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে আউট হয়েছেন ৪ রানে। ১৬ ইনিংসে মজিদের রান ৭০৬। ভিক্টোরিয়ার হয়েই এবার ৬৭২ রান নিয়ে লিগ শেষ করছেন আল আমিন; ৬৭১ রান রয়েছে মুমিনুল হকের। পঞ্চম স্থানে আছেন প্রাইম দোলেশ্বরের রকিবুল হাসান। তার রান ৬৫৯।
/আরআই/এফআইআর/