ত্রিদেশীয় সিরিজ থেকে প্রোটিয়াদের বিদায় দিয়ে ফা্ইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার রাতে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ক্যারিবীয়রা। শুক্রবার রাতে শুরু হওয়া ম্যাচে মূলত ড্যারেন ব্রাভোর দুর্দান্ত শতক ও সুনীল নারাইন এবং শ্যানন গ্যাব্রিয়েলের বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ১০০ রান হারায় ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান করে। ড্যারেন ব্রাভো সর্বোচ্চ ১০২ রান করেন। তার ইনিংসে ছিল ১২টি চার ও চারটি ছক্কার মার। এছাড়া ৭ চার ও দুই ছক্কায় পোলার্ড ৬২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাবাদা ও ক্রিস মরিস ৩টি করে, মরকেল ও পারনেল ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে শুরু থেকেই সাজঘরে যাওয়া-আসার মিছিল শুরু করেন প্রোটিয়া ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত তারা অলআউট হয় ১৮৫ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন বেহারর্দিন, ৩২ রান করেন মরকেল। ক্যারিবীয়দের হয়ে ৩টি করে উইকেট নেন সুনীল নারাইন ও শ্যানন গ্যাব্রিয়েল। দুটি উইকেট নেন ব্রাথওয়েট।
/এমআর/