বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমালো ক্যারিবীয়রা

বাংলাদেশের সঙ্গে ব্যবধান কমালো ক্যারিবীয়রা নতুন ওয়ানডে র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ঘোষিত র‌্যাংকিং অনুযায়ী বাংলাদেশের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে র‌্যাংকিংয়ের সাতে থাকা বাংলাদেশের চেয়ে এখন ৪ পয়েন্ট পেছনে রয়েছে ক্যারিবীয়রা।
ত্রি-দেশীয় সিরিজ শুরুর আগে আইসিসি জানিয়েছিল, অপরাজিত চ্যাম্পিয়ন হলে বাংলাদেশকে টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সুযোগ হারিয়েছে ক্যারিবীয়রা। ত্রি-দেশীয় সিরিজ শুরুর আগে বাংলাদেশের চেয়ে ১০ পয়েন্ট পেছনে ছিল ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে র‌্যাংকিংয়ে ৯৮ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে বাংলাদেশ। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৯৪।
এদিকে ত্রি-দেশীয় টুর্নামেন্টের শিরোপা জিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ১২৩। তবে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে উঠতে না পারায় তিন থেকে চারে নেমে গেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারত উঠে এসেছে তিন নম্বরে। নিউজিল্যান্ড ১১৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।

চলমান ওয়ানডে সিরিজের তিন ম্যাচ শেষে র‌্যাংকিংয়ের জায়গা অদল-বদল করেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড উঠে এসেছে পাঁচে আর ছয়ে নেমে গেছে শ্রীলঙ্কা। ৮৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে পাকিস্তান।

ব্যাটিং-বোলিংয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে কোনও পরিবর্তন নেই। তবে বোলিংয়ে তিন থেকে চারে নেমে গেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তাই কোনও ম্যাচ না খেলে চার থেকে তিনে উঠেছেন বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়েও আগের মতো শীর্ষে আছেন সাকিব। এছাড়া ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে একধাপ করে এগিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। দুজনেই যৌথভাবে আছেন ১৮ নম্বরে।

/এফআইআর/