ওয়ানডে দিয়েই শুরু বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করলো।
এরআগে এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছিল ক্রিকইনফো। তবে বাকি ছিল বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা।  
সূচি অনুযায়ী দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ইংলিশরা।  সফরটি ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে।
সফরের প্রথম অংশে ফতুল্লায় প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে ইংল্যান্ড। চার অক্টোবর প্রস্তুতি ওয়ানডে খেলার পর সাত ও নয় অক্টোবর সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে তারা। এই ম্যাচ দুটি হবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ।

তারপর প্রথম টেস্টের আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৪ থেকে ১৭ অক্টোবর দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ অক্টোবর থেকে। সিরিজের শেষ ম্যাচ খেলতে দুই দল আবার ফিরবে ঢাকায়। ২৮ অক্টোবর থেকে মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।

প্রসঙ্গত, ২০১০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে সফরে আসছে ইংল্যান্ড। দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে। সেখানে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে বাংলাদেশ। এটি হবে বাংলাদেশে তাদের তৃতীয় সফর।

পূর্ণাঙ্গ সূচি

সেপ্টেম্বর ৩০ : ইংল্যান্ডের আগমন

অক্টোবর ৪ : ওয়ানডে প্রস্তুতি ম্যাচ, ফতুল্লা

অক্টোবর ৭: প্রথম ওয়ানডে, মিরপুর

 

অক্টোবর ৯: দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

অক্টোবর ১২: তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

অক্টোর ১৪-১৭ অক্টোবর : দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ

অক্টোবর ২০: প্রথম টেস্ট, চট্টগ্রাম

অক্টোবর ২৮: দ্বিতীয় টেস্ট, মিরপুর

/আরআই/এফআইআর/