শনিবার সংবাদ মাধ্যমকে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন আরও ২-৩ দিনের কথা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বোলিং কোচের ব্যাপারে এখনও কথা বার্তা চলছে। সবকিছু প্রায় চূড়ান্ত। হয়তো ২-৩ দিনের মধ্যে হয়ে যাবে। আমাদের বোর্ড সভাপতি বিষয়টি নিজেই তদারকি করছেন। আশা করছি ২-৩ দিনের মধ্যেই নিশ্চিত করা যাবে।’
জানা গেছে, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে কিংবা চামিন্দা ভাসের ব্যাপারেই বোর্ডের আগ্রহ রয়েছে। এদের দুইজনের মধ্য থেকে একজনকে টাইগারদের বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে। এরআগে রমানায়েকে ২০০৮ সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এরপর তিনি দায়িত্ব পান শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের।
অন্যদিকে ২০১৩ সালে তার জায়গাতেই শ্রীলঙ্কার বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আরেক সাবেক লঙ্কান পেসার ভাস। হেড কোচ মারভান আতাপাত্তুর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই নাকি তিনি আর কাজ করতে চাননি।
কোচ নিয়োগের স্লথ গতির সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত কিনা জানতে চাইলে আকরাম খান বলেন, ‘না। এই কারণে কোনও সমস্যা হয়নি।’
শনিবার আকরাম খান আরও জানান, তিন নির্বাচকের সঙ্গে ২ বছরের চুক্তি এরই মধ্যে করে ফেলেছে বোর্ড। যেটা শুরু হয়েছে ১ জুলাই থেকে।
/আরআই/এফআইআর/